নিঃস্বার্থ-সুকুমার রায়
গোপলাটা কি হিংসুটে মা! খাবার দিলেম ভাগ করে,
বল্লে নাকো মুখেও কিছু, ফেল্লে ছুঁড়ে রাগ করে।
জ্যাঠাইমা যে মেঠাই দিলেন ‘দুই ভায়েতে খাও’ বলে–
দশটি ছিল, একটি তাহার চাখতে নিলেম ‘ফাও’ বলে,
আর যে নটি, ভাগ করে তায় তিনটে দিলেম গোপলাকে–
তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে।
বুঝিয়ে বলি, ‘কাঁদিস কেন? তুই যে নেহাৎ কনিষ্ঠ,
বয়স বুঝে সামলে খাবি, তা নৈলে হয় অনিষ্ট।
তিনটি বছর তফাৎ মোদের, জ্যায়দা হিসাব গুনতি তাই,
মোদ্দা আমার ছয়খানি হয়, তিন বছরে তিনটি পাই।’
তাও মানে না, কেবল কাঁদে–স্বার্থপরের শয়তানী,
শেষটা আমায় মেঠাইগুলো খেতেই হল সবখানি।
সন্দেশ-১৩২৬
সম্পর্কিত বই – প্রকৃতি/১-নদী, ২-অন্ধ মেয়ে, ৩-সাগর যেথায়, ৪-আয় রে আলো আয়, ৫-মেঘের খেয়াল, ৬-আজব খেলা
পশুপাখি/১-কত বড়, ২-বড়াই, ৩-বেজায় রাগ, ৪-সঙ্গীহারা, ৫-বিচার, ৬-বিষমকাণ্ড
ঋতু/১-মনের মতন, ২-বর্ষ গেল, বর্ষ এল, ৩-নূতন বৎসর, ৪-গ্রীষ্ম-১, ৪-গ্রীষ্ম-২, ৫-শ্রাবণে
শিশু/০১-শিশুর দেহ, ০২-বেজায় খুশি, ০৩-খোকা ঘুমায়, ০৪-ভারি মজা, ০৫-লোভী ছেলে, ০৬-সাহস, ০৭-লক্ষ্মী, ০৮-আদুরে পুতুল, ০৯-ভালো ছেলের নালিশ, ১০-খোকার ভাবনা, ১১-নিঃস্বার্থ
ইস্কুল/১-ছুটি, ২-দিনের হিসাব, ৩-ছুটি, ৪-পড়ার হিসাব, ৫-আড়ি, ৬-হরিষে বিষাদ
বিচিত্র-চিন্তা/১-আশ্চর্য, ২-বিষম চিন্তা, ৩-আনন্দ, ৪-আলোছায়া, ৫-নিরুপায়
ছবি ও গল্প, আরও…