Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

নদী-সুকুমার রায়

হে পর্বত, যত নদী করি নিরীক্ষণ,

তোমাতেই করে তারা জনম গ্রহণ।

ছোট বড় ঢেউ সব তাদের উপরে

কল কল্ শব্দ করি সদা ক্রীড়া করে,

সেই নদী বেঁকে চুরে যায় দেশে দেশে,

সাগরেতে পড়ে গিয়া সকলের শেষে।

পথে যেতে যেতে নদী দেখে কত শোভা,

কি সুন্দর সেই-সব, কি-বা মনোলোভা।

কোথাও কোকিল দেখে বসি সাথী সনে,

কি সুন্দর কুহু গান গায় নিজ মনে,

কোথাও ময়ূরে দেখে পাখা প্রসারিয়া

বন ধারে দলে দলে আছে দাঁড়াইয়া!

নদীতীরে কত লোক শ্রান্তি নাশ করে,

কত শত পক্ষী আসি তথায় বিচরে।

দেখিতে দেখিতে নদী মহাবেগে ধায়,

কভুও সে পশ্চাতেতে ফিরে নাহি চায়৷৷

 

মুকুল-১৩০৩

error: Content is protected !!
Scroll to Top