অন্ধ মেয়ে-সুকুমার রায় গভীর কালো মেঘের পরে রঙিন্ ধনু বাঁকা,রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা!সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি,রঙিন বেশে, রঙিন ফুলে রঙিন প্রজাপতি!অন্ধ মেয়ে দেখছে না তা–নাই-বা যদি দেখে–শীতল মিঠা বাদল হাওয়া যায় যে তারে ডেকে!শুনছে সে যে পাখির ডাকে হরষ কোলাকুলি,মিষ্টি ঘাসের গন্ধে তারও প্রাণ গিয়েছে ভুলি!দুঃখ-সুখের ছন্দে ভরা জগৎ তারও আছে,তারও আঁধার জগৎখানি মধুর তারি কাছে।। সন্দেশ-১৩২৪