Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

গ্রীষ্ম-২-সুকুমার রায়

সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষশেষে রুদ্রবেশে

আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোঁকে ধরার চোখে।

তাপিয়ে গগন, কাঁপিয়ে ভুবন মাতলো তপন নাচলো পবন,

রৌদ্র ঝলে আকাশতলে অগ্নি জ্বলে জলেস্থলে।

ফেলছে আকাশ তপ্ত নিশাস, ছুটছে বাতাস ঝলসিয়ে ঘাস,

ফুলের বিতান শুকনো শ্মশান, যায় বুঝি প্রাণ, হায় ভগবান!

দারুণ তৃষায় ফিরছে সবায় জল নাহি পায়, হায় কি উপায়,

তাপের চোটে কথা না ফোটে, হাঁপিয়ে ওঠে, ঘর্ম ছোটে।

বৈশাখী ঝড় বাধায় রগড়, করে ধড়ফড়্ ধরার পাঁজর,

দশ দিক হয় ঘোর ধূলিময়, জাগে মহাভয় হেরি সে প্রলয়,

করি তোলপাড় বাগান বাদাড় ওঠে বার বার ঘন হুংকার,

শুনি নিয়তই, থাকি থাকি ওই হাঁকে হৈ হৈ, মাভৈ মাভৈ।।

 

সন্দেশ-১৩৩০

error: Content is protected !!
Scroll to Top