Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

দিনের হিসাব-সুকুমার রায়

ভোর না হতে পাখিরা জোটে, গানের চোটে ঘুমটি ছোটে–

চোখটি খোলো, গাত্র তোলো, আরে মোলো, সকাল হল।

হায় কি দশা, পড়তে বসা, অঙ্ক কষা, কলম ঘষা,

দশটা হলে হট্টগোলে দৌড়ে চলে বই বগলে।

স্কুলের পড়া, বিষম তাড়া, কানটি নাড়া, বেঞ্চে দাঁড়া,

মরে কি বাঁচে! সমুখে পাছে বেত্র নাচে নাকের কাছে।।

খেলতে যে চায়, খেলবে কি ছাই, বৈকেলে হায়, সময় কি পায়?

খেলাটি ক্রমে যেমনি জমে দখিনে বামে সন্ধ্যা নামে,

ভাঙলো মেলা, সাধের খেলা–আবার ঠেলা সন্ধ্যাবেলা–

মুখটি হাঁড়ি, তাড়াতাড়ি দিচ্ছে পাড়ি যে যার বাড়ি।

ঘুমের ঝোঁকে ঝাপসা চোখে ক্ষীণ আলোকে অঙ্ক টোকে;

ছুটি পাবার সুযোগ আবার আয় রবিবার, হপ্তা কাবার।।

 

সন্দেশ-১৩২১

error: Content is protected !!
Scroll to Top