Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

ঠিকানা-সুকুমার রায়

আরে আরে জগমোহন—এস, এস, এস—

বলতে পার কোথায় থাকে আদ্যানাথের মেশো?

আদ্যানাথের নাম শোননি? খগেনকে তো চেনো?

শ্যাম বাগচি খগেনেরই মামাশ্বশুর জেনো।

শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ীওলা—

(কি যেন নাম ভুলে গেছি), তারই মামার শালা;

তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো—

লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো।

ঠিকানা চাও? বলছি শোন; আমড়াতলার মোড়ে

তিম-মুখো তিন রাস্তা গেছে তারি একটা ধ’রে,

চলবে সিধে নাকবরাবর, ডানদিকে চোখ রেখে;

চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে।

দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত,

তারি ভিতর ঘুরবে খানিক গোলকধাঁধার মত।

তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে,

ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে।

তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে—

তারপরে যাও যেথায় খুশী—জ্বালিয়োনাকো মোরে।

error: Content is protected !!
Scroll to Top