Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

আহ্লাদী-সুকুমার রায়

হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী,

তিনজনেতে জটলা ক’রে ফোকলা হাসির পাল্লা দি।

হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই,

হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই।

ভাবছি মনে, হাসছি কেন? থাকব হাসি ত্যাগ ক’রে,

ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক্ ক’রে।

পাচ্ছে হাসি চাপতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুজে,

পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নোখ্ গুঁজে।

হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দাঁড়

নৌকা ফানুস পিঁপড়ে মানুষ রেলের গাড়ী তেলের ভাঁড়।

পড়তে গিয়ে ফেলছি হেসে ‘ক খ গ’ আর শ্লেট দেখে—

উঠছে হাসি ভসভসিয়ে সোডার মতন পেট থেকে।

error: Content is protected !!
Scroll to Top