Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

শব্দকল্পদ্রুম-সুকুমার রায়

ঠাস্ ঠাস্ দ্রুম্ দ্রাম্, শুনে লাগে খটকা—

ফুল ফোটে? তাই বল আমি ভাবি পটকা।

শাঁই শাঁই পনপন্, ভয়ে কান্ বন্ধ

ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ?

হুড়মুড় ধুপধাপ্—ওকি শুনি ভাই রে!

দেখছ না হিম পড়ে—যেওনাকো বাইরে।

চুপ্ চুপ্ ঐ শোন্! ঝুপঝাপ্ ঝ—পাস!

চাঁদ বুঝি ডুবে গেল?—গব্ গব্ গবা—স!

খ্যাঁশ খ্যাঁশ্ ঘ্যাঁচ্ ঘ্যাঁচ্, রাত কাটে ঐরে!

দুড়্ দাড়্ চুরমার—ঘুম ভাঙে কই রে!

ঘর্ঘর ভনভন্ ঘোরে কত চিন্তা!

কত মন নাচে শোন্—ধেই ধেই ধিনতা!

ঠুংঠাং ঢংঢং, কত ব্যথা বাজে রে—

ফট্ ফট্ বুক ফাটে তাই মাঝে মাঝে রে!

হৈ হৈ মার্ মার্, “বাপ্ বাপ্” চীৎকার—

মালকোঁচা মারে বুঝি? সরে পড়্ এইবার।

error: Content is protected !!
Scroll to Top