Bong Long Reader

Biswajit Pal
👋 Welcome Users

Free Book Library – 329 Items

একুশে আইন-সুকুমার রায়

শিব ঠাকুরের আপন দেশে,

আইন কানুন সর্বনেশে!

কেউ যদি যায় পিছলে প’ড়ে,

প্যায়দা এসে পাকড়ে ধরে,

কাজির কাছে হয় বিচার—

একুশ টাকা দণ্ড তার।।

সেথায় সন্ধে ছটার আগে,

হাঁচতে হ’লে টিকিট লাগে—

হাঁচলে পরে বিন টিকিটে—

দমদমাদম্ লাগায় পিঠে,

কোটাল এসে নস্যি ঝাড়ে—

একুশ দফা হাঁচিয়ে মারে।।

কারুর যদি দাঁতটি নড়ে,

চারটি টাকা মাশুল ধরে,

কারুর যদি গোঁফ গজায়,

একশো আনা ট্যাকস্ চায়—

খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়,

সেলাম ঠোকায় একুশ বার।।

চলতে গিয়ে কেউ যদি চায়,

এদিক্ ওদিক্ ডাইনে বাঁয়,

রাজার কাছে খবর ছোটে,

পল্টনেরা লাফিয়ে ওঠে,

দুপুর রোদে ঘামিয়ে তায়

একুশ হাতা জল গেলায়।।

যে-সব লোকে পদ্য লেখে,

তাদের ধ’রে খাঁচায় রেখে,

কানের কাছে নানান্ সুরে,

নামতা শোনায় একশো উড়ে,

সামনে রেখে মুদীর খাতা—

হিসেব কষায় একুশ পাতা।।

হঠাৎ সেথায় রাত দুপুরে,

নাক ডাকালে ঘুমের ঘোরে,

অমনি তেড়ে মাথায় ঘষে,

গোবর গুলে বেলের কষে,

একুশটি পাক ঘুরিয়ে তাকে

একশ ঘণ্টা ঝুলিয়ে রাখে।।

error: Content is protected !!
Scroll to Top