হুলোর গান-সুকুমার রায়
বিদঘুটে রাত্তিরে ঘুটঘুটে ফাঁকা,
গাছপালা মিশমিশে মখমলে ঢাকা।
জটবাঁধা ঝুল্ কালো বটগাছতলে,
ধকধক্ জোনাকির চকমকি জ্বলে,
চুপচাপ্ চারিদিকে ঝোপঝাড়গুলো—
আয় ভাই গান গাই আয় ভাই হুলো।
গীত গাই কানে কানে চীৎকার ক’রে,
কোন্ গানে মন ভেজে শোন্ বলি তোরে—
পুবদিকে মাঝ রাতে ছোপ্ দিয়ে রাঙা
রাতকানা চাঁদ ওঠে আধখানা ভাঙা।
চট্ ক’রে মনে পড়ে মটকার কাছে
মালপোয়া আধখানা কাল থেকে আছে।
দুড়্ দুড়্ ছুটে যাই দূর থেকে দেখি
প্রাণপণে ঠোঁট চাটে কানকাটা নেকী!
গালফোলা মুখে তার মালপোয়া ঠাসা
ধুক্ ক’রে নিভে গেল বুকভরা আশা;
মন বলে আর কেন সংসারে থাকি
বিলকুল্ সব দেখি ভেলকির ফাঁকি।—
সব যেন বিচ্ছিরি সব যেন খালি,
গিন্নীর মুখ যেন চিমনির কালি।
মন ভাঙা দুখ্ মোর কণ্ঠেতে পুরে
গান গাই আয় ভাই প্রাণফাটা সুরে।
সম্পর্কিত বই – অবাক কাণ্ড, আবোল তাবোল-১, আবোল তাবোল-২, আহ্লাদী, একুশে আইন, কাঠ-বুড়ো, কাতুকুতু বুড়ো, কাঁদুনে, কি মুস্কিল, কিম্ভূত, কুমড়োপটাশ, খিচুড়ি, খুঁড়োর কল, গন্ধ বিচার, গল্প বলা, গানের গুঁতো, গোঁফ চুরি, চোর ধরা, ছায়াবাজি, ট্যাঁশ্ গরু, ঠিকানা, ডানপিটে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, নারদ নারদ, নোট বই, ন্যাড়া বেলতলায় যায় ক’বার, পালোয়ান, প্যাঁচা আর প্যাঁচানি, ফসকে গেল, বাবুরাম সাপুড়ে, বিজ্ঞান শিক্ষা, বুঝিয়ে বলা, বুড়ির বাড়ি, বোম্বাগড়ের রাজা, ভয় পেয়ো না, ভাল রে ভাল, ভূতুড়ে খেলা, রামগরুড়ের ছানা, লড়াই-ক্ষ্যাপা, শব্দকল্পদ্রুম, সৎ পাত্র, সাবধান, হাত গণনা, হাতুরে, হুকোমুখো হ্যাংলা, হুলোর গান, আরও…