Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

পালোয়ান-সুকুমার রায়

খেলার ছলে যষ্ঠিচরণ হাতী লোফেন যখন তখন,

দেহের ওজন উনিশটি মণ, শক্ত যেন লোহার গঠন।

একদিন এক গুণ্ডা তাকে বাঁশ বাগিয়ে মারল বেগে—

ভাঙল সে বাঁশ শোলার মত মট্ ক’রে তার কনুই লেগে।

এইত সেদিন রাস্তা দিয়ে চলতে গিয়ে দৈব বশে,

উপর থেকে প্রকাণ্ড ইঁট পড়ল তাহার মাথায় খ’সে।

মুণ্ডুতে তার যেমনি ঠেকা অমনি সে ইঁট্ এক নিমেষে

গুঁড়িয়ে হ’ল ধুলোর মত, ষষ্ঠি চলেন মুচকি হেসে।

ষষ্ঠি যখন ধমক হাঁকে কাঁপতে থাকে দালান বাড়ি,

ফুঁয়ের জোরে পথের মোড়ে উল্টে পড়ে গরুর গাড়ী।

ধুমসো কাঠের তক্তা ছেঁড়ে মোচড় মেরে মুহূর্তেকে,

একশো জালা জল ঢালে রোজ স্নানের সময় পুকুর থেকে।

সকাল বেলার জলপানি তার তিনটি ধামা পেস্তা মেওয়া,

সঙ্গেতে তার চৌদ্দ হাঁড়ি দৈ কি মালাই মুড়কি দেওয়া।

দুপুর হ’লে খাবার আসে কাতার দিয়ে ডেকচি ভ’রে,

বরফ দেওয়া উনিশ কুঁজো সরবতে তার তৃষ্ণা হরে।

বিকাল বেলা খায় না কিছু গণ্ডা দশেক মণ্ডা ছাড়া,

সন্ধ্যা হ’লে লাগায় তেড়ে দিস্তা দিস্তা লুচির তাড়া।

রাত্রে সে তার হাত পা টেপায় দশটি চেলা মজুত থাকে,

দুমদুমাদুম্ সবাই মিলে মুগুর দিয়ে পেটায় তাকে।

বললে বেশি ভাববে শেষে এসব কথা ফেনিয়ে বলা—

দেখবে যদি আপন চোখে যাওনা কেন বেনিয়াটোলা।

error: Content is protected !!
Scroll to Top