কাঠ-বুড়ো-সুকুমার রায়
হাঁড়ি নিয়ে দাড়িমুখাে কে-যেন কে বৃদ্ধ,
রােদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ।
মাথা নেড়ে গান করে গুন্ গুন্ সংগীত—
ভাব দেখে মনে হয় না-জানি কি পণ্ডিত!
বিড় বিড় কি যে বকে নাহি তার অর্থ—
“আকাশেতে ঝুল ঝােলে, কাঠে তাই গর্ত।”
টেকো মাথা তেতে ওঠে গায়ে ছােটে ঘর্ম,
রেগে বলে, “কেবা বােঝে এ-সবের মর্ম?
আরে মােলাে, গাধাগুলাে একেবারে অন্ধ,
বােঝে নাকো কোনাে কিছু খালি করে দ্বন্দ্ব।
কোন্ কাঠে কত রস জানে নাকো তত্ত্ব—
একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত?”
আশে পাশে হিজি বিজি আঁকে কত অঙ্ক—
ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব অসংখ্য;
কোন্ ফুটো খেতে ভালাে, কোন্টা-বা মন্দ,
কোন্ কোন্ ফাটলের কিরকম গন্ধ।
কাঠে কাঠে ঠুকে করে ঠকাঠক শব্দ,
বলে, “জানি কোন্ কাঠ কিসে হয় জব্দ।
কাঠকুটো ঘেঁটেঘুঁটে জানি আমি পষ্ট,
এ কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট।
কোন্ কাঠ পােষ মানে, কোন্ কাঠ শান্ত,
কোন্ কাঠ টিমটিমে, কোন্টা-বা জ্যান্ত।
কোন্ কাঠে জ্ঞান নাই মিথ্যা কি সত্য,
আমি জানি কোন্ কাঠে কেন থাকে গর্ত।”
সম্পর্কিত বই – অবাক কাণ্ড, আবোল তাবোল-১, আবোল তাবোল-২, আহ্লাদী, একুশে আইন, কাঠ-বুড়ো, কাতুকুতু বুড়ো, কাঁদুনে, কি মুস্কিল, কিম্ভূত, কুমড়োপটাশ, খিচুড়ি, খুঁড়োর কল, গন্ধ বিচার, গল্প বলা, গানের গুঁতো, গোঁফ চুরি, চোর ধরা, ছায়াবাজি, ট্যাঁশ্ গরু, ঠিকানা, ডানপিটে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, নারদ নারদ, নোট বই, ন্যাড়া বেলতলায় যায় ক’বার, পালোয়ান, প্যাঁচা আর প্যাঁচানি, ফসকে গেল, বাবুরাম সাপুড়ে, বিজ্ঞান শিক্ষা, বুঝিয়ে বলা, বুড়ির বাড়ি, বোম্বাগড়ের রাজা, ভয় পেয়ো না, ভাল রে ভাল, ভূতুড়ে খেলা, রামগরুড়ের ছানা, লড়াই-ক্ষ্যাপা, শব্দকল্পদ্রুম, সৎ পাত্র, সাবধান, হাত গণনা, হাতুরে, হুকোমুখো হ্যাংলা, হুলোর গান, আরও…