আহ্লাদী-সুকুমার রায়
হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী,
তিনজনেতে জটলা ক’রে ফোকলা হাসির পাল্লা দি।
হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই,
হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই।
ভাবছি মনে, হাসছি কেন? থাকব হাসি ত্যাগ ক’রে,
ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক্ ক’রে।
পাচ্ছে হাসি চাপতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুজে,
পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নোখ্ গুঁজে।
হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দাঁড়
নৌকা ফানুস পিঁপড়ে মানুষ রেলের গাড়ী তেলের ভাঁড়।
পড়তে গিয়ে ফেলছি হেসে ‘ক খ গ’ আর শ্লেট দেখে—
উঠছে হাসি ভসভসিয়ে সোডার মতন পেট থেকে।
সম্পর্কিত বই – অবাক কাণ্ড, আবোল তাবোল-১, আবোল তাবোল-২, আহ্লাদী, একুশে আইন, কাঠ-বুড়ো, কাতুকুতু বুড়ো, কাঁদুনে, কি মুস্কিল, কিম্ভূত, কুমড়োপটাশ, খিচুড়ি, খুঁড়োর কল, গন্ধ বিচার, গল্প বলা, গানের গুঁতো, গোঁফ চুরি, চোর ধরা, ছায়াবাজি, ট্যাঁশ্ গরু, ঠিকানা, ডানপিটে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, নারদ নারদ, নোট বই, ন্যাড়া বেলতলায় যায় ক’বার, পালোয়ান, প্যাঁচা আর প্যাঁচানি, ফসকে গেল, বাবুরাম সাপুড়ে, বিজ্ঞান শিক্ষা, বুঝিয়ে বলা, বুড়ির বাড়ি, বোম্বাগড়ের রাজা, ভয় পেয়ো না, ভাল রে ভাল, ভূতুড়ে খেলা, রামগরুড়ের ছানা, লড়াই-ক্ষ্যাপা, শব্দকল্পদ্রুম, সৎ পাত্র, সাবধান, হাত গণনা, হাতুরে, হুকোমুখো হ্যাংলা, হুলোর গান, আরও…