সুকুমার সম্মুখভাগ-প্রবাসে
কলকাতা থেকে ট্রেনে বোম্বে গিয়ে সুকুমার জাহাজ ধরলেন। লন্ডনে পৌঁছে তিনি উঠলেন ২১ নম্বর ক্রমওয়েল রোডে নর্থব্রুক সোসাইটির হোস্টেলে। উপেন্দ্রকিশোর তাঁর নিজের কাজের সুত্রে পেনরোজের পত্রিকার সঙ্গে পরিচিত ছিলেন, ওই পত্রিকার সম্পাদক মিঃ গ্যাম্বলের চিঠি নিয়ে সুকুমার লন্ডনের L. C. C. School of Photo-Engraving and Lithography তে বিশেষ ছাত্র হিসেবে কাজ আরম্ভ করলেন অক্টোবর মাসের মাঝামাঝি। অধ্যক্ষ মিঃ নিউটন, মিঃ গ্রিগ বলে লিথোগ্রাফি ও কলোটাইপের খুব ভালো শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দিলেন। ঠিক হল, প্রথমে তিনি যে-সব পদ্ধতি আগে দেখেন নি সে সম্বন্ধে কিছু কার্যিক অভিজ্ঞতা অর্জন করে তারপর কয়েকটা ছাপাখানা ঘুরে ঘুরে দেখবেন। অধ্যক্ষ সে-সব জায়গায় “Son of a Celebrated photo-engraver” বলে পরিচয়পত্র দিয়েছিলেন। তাছাড়া সুকুমার নিজের স্কুলের স্টুডিওতে অধ্যক্ষ এবং ছাত্রদের সামনে উপেন্দ্রকিশোরের উদ্ভাবিত বিশেষ পদ্ধতিও দেখিয়েছিলেন। তাঁকে স্কুলের সাধারণ ক্লাসে যেতে হতো না। কলোটাইপ এণ্ড লিথোগ্রাফির ঘরে কাজ করতেন, ঘুরে ঘুরে কতকগুলো বড়-বড় প্রতিষ্ঠানের কাজ দেখতেন আর ফোটোগ্রাফিক সোসাইটির লাইব্রেরিতে পড়াশুনো করতেন। নিজের তোলা ছবি বিভিন্ন জায়গায় পাঠিয়ে তিনি ভালো ফোটোগ্রাফার হিসেবে পরিচিত হন এবং দেশে ফিরেও এই যোগাযোগ বজায় রাখেন। কয়েক বছর পরে তিনি রয়াল ফোটোগ্রাফিক সোসাইটির প্রথম ভারতীয় সদস্য নির্বাচিত হন।
➤এইরকমের শিক্ষানবিশির কাজেই তিনি ১৯১২-র ফেব্রুয়ারিতে শিল্পনগরী ম্যাঞ্চেস্টারে গিয়ে ওখানকার স্কুল অব্ টেকনোলজির বিশেষ ছাত্র হিসেবে স্টুডিও ও লেবরেটরিতে কাজ করে মে-মাসের প্রথমে আবার লন্ডনে তাঁর পুরনো স্কুলে যোগ দেন। এতদিনে তিনি দক্ষতা ও আত্মবিশ্বাসের পথে অনেকটা এগিয়েছেন, কঠিন ও সূক্ষ্ম কাজ হাতে নিতে ভরসা পাচ্ছেন এবং ওদের কাগজপত্রে তাঁর সুচিন্তিত মতামত প্রকাশিত হচ্ছে।
➤এই সময়ে তিনি কেবল ফোটোগ্রাফির কাজেই ডুবে থাকেন নি, ইংলন্ডের সাহিত্য-সংস্কৃতি-সংগীতের জগতে দৃশ্যশ্রাব্য যা কিছু পেয়েছেন উপভোগ করে নিজের অভিজ্ঞতা ও রসবোধকে বিস্তারিত করেছেন, প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিশে গেছেন এবং ওদেশের লোকেদের সামনে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। লন্ডনে ভারতীয় ছাত্রদের বিশেষ ভারপ্রাপ্ত আধিকারিক ডাঃ পি. কে. রায়ের বাড়িতে প্রায়ই যেতেন। সেখানে যে-সব বাঙালিদের সঙ্গে মেলামেশা হতো তাঁদের মধ্যে ছিলেন সতীশ মুখার্জি ও তাঁর স্ত্রী, স্যর কে. জি. গুপ্ত, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সরোজিনী নাইডু ও তাঁর ছোট বোন মৃণালিনী চ্যাটার্জি, এবং পুরোনো বন্ধুদের মধ্যে ছিলেন ডাক্তার দেবেন বসু, কেদারনাথ চট্টোপাধ্যায়, প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রভৃতি।
➤ডাঃ পি.কে. রায়ের স্ত্রী কোনো বিশেষ উদ্দেশ্যে টাকা তুলতে ভারতীয় দেবদেবীদের নিয়ে একটা ‘ট্যাব্লো’ করেছিলেন। সুকুমার বৃটিশ মিউজিয়মে পড়াশুনো করে তার জন্য অনেক তথ্য সংগ্রহ করে দিয়েছিলেন। খুব ঘটা করে ট্যাব্লোটি হয় এবং অনেক টাকা ওঠে। চিরপরিহাসপ্রিয় সুকুমার তখন বন্ধুবান্ধবদের নিয়ে তার একটা ‘প্যারডি’ করার কথা ভেবেছিলেন কিন্তু কাজের ভিড়ে তা হয়ে ওঠে নি।
➤লন্ডন ও ম্যাঞ্চেস্টারে তিনি ব্রাহ্মসমাজে যেতেন ও মাঘোৎসবে যোগ দিয়েছিলেন। তাঁর চিঠিতে সমাজে রবীন্দ্রনাথের দেওয়া ‘কর্মযোগ’ বিষয়ে ভাষণের উল্লেখ করেছেন।
➤ইংরেজদের মধ্যে যে-সব প্রধান প্রধান লোকের সঙ্গে আলাপ-পরিচয় হয়েছিল তার মধ্যে ছাপাখানা ও আলোকচিত্র বিশেষজ্ঞ ছাড়াও ছিলেন শিল্পী হ্যাভেল ও রথেনস্টাইন, কবি ব্রিজেস ও ইয়েটস, কবি আর্নল্ড ও তাঁর স্ত্রী, ফক্স ট্র্যাংওয়েজ, সিলভাঁ লেভি, মিঃ পিয়ার্সন, ‘Wisdom of the East’ সিরিজের সম্পাদক ক্র্যানমর বিং প্রভৃতি।
➤লন্ডনে ডাঃ পি. কে. রায়ের বাড়ির সমাবেশে তিনি তাঁর ‘রামায়ণ’ (লক্ষ্মণের শক্তিশেল) আর ‘ভাবুকসভা’ পড়ে শুনিয়েছিলেন। তাছাড়া বিভিন্ন সমাবেশে তাঁর গানের খুব আদর হয়েছিল।
➤মিঃ পিয়ার্সন তাঁর বাড়িতে বাংলা সাহিত্য সম্বন্ধে একটা প্রবন্ধ পড়তে ডাকলেন। সুকুমার অনেক খেটে, ইন্ডিয়া অফিসের লাইব্রেরি থেকে বইটই ঘেঁটে, তৈরি করলেন—“The Spirit of Rabindranath” এবং তার সঙ্গে কবির কতকগুলি কবিতারও অনুবাদ করলেন। অকুস্থলে গিয়ে দেখেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তির মধ্যে কবীন্দ্র স্বয়ং উপবিষ্ট। যাই হোক, রচনাটি পড়া ও প্রশংসিত হল এবং পরে সেটা Quest পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মিঃ ক্র্যানমর বিং বইয়ের আকারে ছাপাবার উদ্দেশ্যে সুকুমারকে রবীন্দ্রনাথের আরো কবিতা অনুবাদের জন্য অনুরোধ করেন, সুকুমার স্বীকৃতিও দেন কিন্তু কাজের ভিড়ে অন্যান্য অনেক কিছুর মতো এটিও হয়ে ওঠে নি।
➤বিভিন্ন জায়গায় ঘুরে অনেক দ্রষ্টব্য জিনিস তিনি দেখেন। সাফ্রেজেট আন্দোলনের সঙ্গে পরিচিত হন। হ্যাম্পটন কোর্টে বেড়িয়ে আসেন, রথীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে থিয়েটরে গিয়ে হাসির নাটক ও His Majesty’s Theatre-এ Oliver Twist দেখেন। আর দেখেন ‘Kinema Colom’–সেটা নাকি দেশে যা দেখেছিলেন তার চেয়ে অনেক ভালো।
➤তখনো রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পান নি কিন্তু রয়াল কোর্ট থিয়েটরে ‘ডাকঘর’ অভিনীত হয়েছিল আর মালিনী ও চিত্রাঙ্গদার অভিনয়ের তোড়জোড় চলছিল।
➤ছুটির ফাঁকে তিনি বোর্ণমাথ ও ট্রেভোজ সোয়ানেজে বেড়িয়ে এলেন এবং শেষে য়ুরোপের কণ্টিনেণ্টের কয়েকটি দেশ ঘুরে ১৯১৩-র অক্টোবরে দেশে ফিরলেন।
সম্পর্কিত বই – প্রকাশিকার কৈফিয়ৎ, সুকুমার রায়, পিতৃপুরুষ, বংশগতি, পরিবার-পরিবেশ, শৈশব, বাল্য ও কৈশোর, কর্মজীবনের দ্বারে, প্রবাসে, পূর্ণজীবন, আরও…