সুকুমার সম্মুখভাগ-বাল্য ও কৈশোর
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এঁদের খেলার প্রকৃতিও বদলাতে লাগলো আর এই পরিবর্তনের মধ্যে দিয়েই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ফুটে উঠলো। একটা খেলা ছিল ‘রাগবানানো’। পূণ্যলতা এর বর্ণনা দিয়েছেন, “হয়তো কারো ওপর রাগ হয়েছে, অথচ তার শোধ দিতে পারছি না, তখন দাদা বলত, ‘আয় রাগ বানাই!’–বলেই সেই লোকটি সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতে আরম্ভ করত, আমরাও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বলতাম। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্রভাব কিছু থাকতো না, সে ব্যক্তির কোনো অনিষ্টচিন্তা থাকতো না, শুধু মজার মজার কথা।…হাসির স্রোতে রাগটাগ সব কোথায় ভেসে যেতো—মনটা আবার বেশ হাল্কা খুশিতে ভরে উঠতো।” হ-য-ব-র-লয়ের হিজিবিজবিজের জন্মস্থান কোথায় তা এর থেকেই বোঝা যায়।
➤ছান্দসিকতা রায়বংশের একটা বৈশিষ্ট্য ছিল। লোকনাথ রায়ের দাদা ভোলানাথ রায় অনেক সময় সাধারণ কথাবার্তাও ছড়া কেটে বলতেন। মুন্সী শ্যামসুন্দর নিজের রচিত স্তোত্র দিয়ে গৃহদেবতার পূজো করতেন। উপেন্দ্রকিশোর ছেলেমেয়েদের কবিতায় চিঠি লিখতেন। পরিবারের সান্ধ্য আসরেও ছড়াকাটার খেলা হতো। একজন কবিতার একটা ছত্র বলতেন, আরেকজন তার সঙ্গে মিল দিয়ে পরের ছত্র—এইভাবে বলতো। একদিন আরম্ভ হল—
‘একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি’,
‘যন্ত্রণায় কিছুতেই নাহি তার স্বস্তি’,
‘তিনদিন তিনরাত নাহি তার নিদ্রা’,
‘সেঁঁক দেয়, তেল মাখে, লাগায় হরিদ্রা!’
ক্রমে মুক্তিদারঞ্জন যখন বললেন, “ভিতরে ঢুকায়ে দিল দীর্ঘ তার চঞ্চু”–তখন কেউ আর তার মিল দিতে পারে না। কিন্তু সুকুমার চট করে বলে ফেললেন,
“বক সে চালাক অতি চিকিৎসক-চুঞ্চু!”
সকলে আপত্তি করে উঠলো, “চুঞ্চু” আবার কি কথা! মুক্তিদারঞ্জন তাঁর পিঠ চাপড়ে বলে দিলেন, “চুঞ্চু মানে, ওস্তাদ, এক্সপার্ট।”
➤সুকুমারের এই বয়সের রচিত রবীন্দ্রনাথের “বিশ্ববীণা” গানের “আষাঢ়” অংশের একটা ‘প্যারডি’ পাওয়া যায়–
“বৃষ্টি বেগভরে রাস্তা গেল ডুবিয়ে,
ছাতা কাঁধে, জুতা হাতে, নোংরা ঘোলা কালো
হাঁটু জল ঠেলি চলে যত লোকে রাস্তাতে!
অতি পিচ্ছিল, অতি পিচ্ছিল, অতি পিচ্ছিল, বিচ্ছিরি রাস্তা,
ধরণী, মহা দুর্দম কর্দমগ্রস্তা,
যাওয়া দুষ্কর, মুস্কিল রে, ইস্কুলে,
সর্দিজ্বরে, বুদ্ধি বড়, নিত্যি লোকে বদ্যি ডেকে তিক্ত বড়ি খায়!”
আগেই আবৃত্তি করতে ভালোবাসতেন, ক্রমে অভিনয়ের পালা শুরু হল। প্রথম প্রথম অন্যদের লেখা নাটক, তারপর তাঁর নিজের নাটক ‘রামধনবধ’, একদিকে যেমন তাঁর নাট্যকৃতির প্রথম প্রয়াস, অন্যদিকে তেমনি তাঁর দেশপ্রেমের পরিচায়ক। দুঃখের বিষয় এর কোনো পাণ্ডুলিপি পাওয়া যায় না, কিন্তু পূণ্যলতা লিখেছেন–“র্যাম্স্ডেন (রামধন) সাহেব মস্ত সাহেব, আসল সাহেবরা তার কাছে কোথায় লাগে! ‘নেটিভ নিগার’ দেখলেই সে নাক সিঁটকোয়, পাড়ার ছেলেরাও তাকে দেখলেই চেঁচায় ‘বন্দে মাতরম্!’ আর সে রেগে তেড়ে মারতে আসে, বিদঘুটে গালাগালি দেয়, পুলিশ ডাকে। এহেন সাহেব কি করে ছেলেদের হাতে জব্দ হলো, তারই গল্প।”
➤রামধনবধের একটা গান—
“আমরা দিশি পাগলার দল,
দেশের জন্য ভেবে ভেবে হয়েছি পাগল,
(যদিও) দেখতে খারাপ, টিকবে কম, দামটা একটু বেশি
(তাহোক) এতে দেশেরই মঙ্গল।”
লেখা হয়েছিল মেজভাই মণির প্রতি পরিহাসছলে। সেই সময়ে বঙ্গভঙ্গের ফলে দেশে জাতীয় চেতনার একটি বিরাট উচ্ছাস উঠেছিল। মেজভাই সুবিনয় স্বদেশীর নেশায় মেতেছিলেন। তখন দিশি শিল্পজাত জিনিস পাওয়া দুষ্কর ছিল এবং যাও বা পাওয়া যেতো তাও ছিল অতি নিম্নমানের, কিন্তু সুবিনয় দিশি সুতোর মোটা কাপড়, হাতে তৈরি তুলোট কাগজ, ট্যারাব্যাঁকা পেয়ালপিরিচ খুঁজেপেতে নিয়ে এসে বাড়ির সবাইকে দিয়ে ব্যবহার করাতেন। এই জন্যেই ঠাট্টা। এই সুকুমারই আবার গম্ভীরভাবের স্বদেশপ্রেমের গান লিখেছিলেন—‘টুটিল কি আজ ঘুমের ঘোর।’
➤বন্দেমাতরমের যুগের আগেই যে সুকুমার দেশের কথা ভাবতেন তার প্রমাণ পাওয়া যায়। বঙ্গভঙ্গের আগে ১৮৯৪ থেকে ১৯০৩ পর্যন্ত বুঅর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে শিক্ষিত বাঙালিদের মধ্যে অনেকেই বৃটিশ শক্তির সমর্থন করতেন। একদিন কাগজে একটা যুদ্ধে ইংরেজের জয়ের খবর পড়ে পুণ্যলতা আনন্দ প্রকাশ করাতে সুকুমার হঠাৎ গম্ভীর হয়ে বললেন, “নিজেরা মার খেয়ে মাটিতে পড়ে আছিস আবার অন্যের মার খাওয়া দেখে হাসছিস!”
➤এই সময়ে সুকুমারের ফোটোগ্রাফির “সখ”টা পরিণত হচ্ছিল। তিনি বিলিতি কাগজে ছবি পাঠিয়ে পুরস্কার পেতে আরম্ভ করেছিলেন এবং আত্মীয়স্বজন, পাড়াপড়শি অনেকের ছবি তুলে দিতেন।
➤কিশোর সুকুমার হঠাৎ লম্বা হয়ে গেছিলেন, চরিত্রেও পরিণত হয়ে উঠছিলেন, কিন্তু তাঁর ছেলেমানুষী যায় নি। বস্তুত এই আজীবন-ছেলেমানুষী তাঁর রসের বিশেষ লক্ষণ ছিল।
➤অভিনয়ের জন্য এঁরা যে-সব গোঁফদাড়ি কিনতেন, তার মধ্যে থেকে একটা চাপদাড়ি লাগিয়ে চোগাচাপকান আর কালো চশমা পরে গণৎকার সেজে হঠাৎ-লম্বা-হয়ে-যাওয়া সুকুমার বন্ধুবান্ধবদের ঠকাতে লাগলেন এবং একবার এক ঠকে-যাওয়া বন্ধুর সঙ্গে তাঁর মাকে পর্যন্ত ঠকিয়ে ফেললেন। মজাটা ভালোই জমেছিল, কিন্তু বন্ধুর মা যখন ভক্তির উচ্ছ্বাসে নবীন গণৎকারের পায়ে একটা প্রণাম ঠুকে দিলেন তখনই হলো অপ্রস্তুতের ব্যাপার।
➤ছেলেদের স্কুলে (সিটি স্কুল) ভর্তি হয়ে সুকুমার সহজেই সহপাঠী ও বন্ধুবান্ধবদের নেতা হয়ে উঠলেন; কেবল সমবয়সীরা নয়, অনেক সময়ে বড়রাও তাঁর কথা শুনতেন।
➤সিটি স্কুলের একজন পিউরিটান-গোছের মাস্টার মশাই ‘বায়োস্কোপ’ দেখার ঘোর বিরোধী ছিলেন। সুকুমার তাঁকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে ‘লে মিজেরারে’ ছবিটা দেখিয়ে এনে স্বীকার করিয়েছিলেন যে সিনেমা মাত্রেই অনিষ্টকর কিছু একটা নয়, যা দেখলে চরিত্রের উন্নতি হতে পারে এমন ফিল্মও আছে।
➤আরেকবার এক দূর সম্পর্কের আত্মীয়কে একটা জিওনো মাগুরমাছকে অত্যন্ত নৃশংসভাবে একটা ছোট টিনে ভর্তি করতে দেখে দৃঢ় প্রতিবাদে নিরস্ত করেছিলেন।
➤ছাত্রদের জন্য প্রকাশিত এক পত্রিকায় শিক্ষিত মেয়েদের বিষয়ে অভদ্র কুৎসামূলক একটা চিঠি প্রকাশিত হওয়ায় সুকুমার তখনই তার লেখকের কাছে গিয়ে কঠিন আপত্তি করে তাঁকে তাঁর সমস্ত কথা প্রত্যাহার করে, ক্ষমা চেয়ে আরেকটা চিঠি লিখতে বাধ্য করেছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, তাঁর দাদামশাই দ্বারকানাথ গাংগুলি অনুরূপ একটা ঘটনায় এক পত্রিকার সম্পাদককে তাঁর কাগজে প্রকাশিত শিক্ষিতা মেয়েদের কুৎসামূলক রচনার অংশটা গিলিয়েছিলেন।
সম্পর্কিত বই – প্রকাশিকার কৈফিয়ৎ, সুকুমার রায়, পিতৃপুরুষ, বংশগতি, পরিবার-পরিবেশ, শৈশব, বাল্য ও কৈশোর, কর্মজীবনের দ্বারে, প্রবাসে, পূর্ণজীবন, আরও…