সুকুমার সম্মুখভাগ-কর্মজীবনের দ্বারে
১৩ নম্বর কর্ণওয়ালিস স্ট্রিটের পর কিছুদিন ৩৮ নম্বর শিবনারায়ণ দাস লেনে কাটিয়ে ১৯০০ সালে ২২ নম্বর সুকিয়া স্ট্রিটে এসে এঁরা বাসা বাঁধলেন।
➤১৩ নম্বরের গবেষণার ঘরের কাজ ক্রমেই বেড়ে উঠছিল, আর সঙ্গে সঙ্গে তখনকার দিশি ছাপাখানার নিকৃষ্টমানের কাজ নিয়ে অসন্তোষ গভীর হচ্ছিল। উপেন্দ্রকিশোর নিজের ছাপাখানা করবার জন্য জিনিসপত্রের অর্ডার দিয়ে ৩৮ নম্বরের অপেক্ষাকৃত বড় বাড়িতে উঠে গেলেন। উপেন্দ্রকিশোর নিজের চেষ্টায় হাফটোন ছবি ছাপার প্রণালী আয়ত্ত করেছিলেন আর কয়েকটি লোককে শিখিয়ে তৈরি করে নিয়ে আমাদের দেশে উচ্চশ্রেণীর ছবি ছাপবার জন্য ভালো আয়োজন করলেন।
➤অল্পদিনের মধ্যেই আবার এখানেও কুলোলো না, তখন তাঁরা ২২ নম্বরের আরো বড় বাড়িটাতে উঠে গেলেন। সেখানে নীচে ছাপাখানা বসলো আর তিনতলার ওপরে কাঁচের ছাতওয়ালা স্টুডিও তৈরি হল। মেঘলা দিনে অথবা রাতে কাজের জন্য “আর্কল্যাম্প” আর নতুন ক্যামেরা, প্রেস আর আরো অনেক যন্ত্রপাতি এলো।
➤দেখতে দেখতে ‘ইউ. রায় এণ্ড সন্সে’র কারবার ভারতে সর্বপ্রথম ও সর্বপ্রধান বলে বিখ্যাত হল। উপেন্দ্রকিশোর গবেষণা করে হাফটোন ছবি সম্বন্ধে নতুন তথ্য আবিষ্কার করলেন এবং বিদেশে প্রকাশিত হলে প্রচুর যশ পেলেন।
➤সমস্ত যান্ত্রিক ও বাণিজ্যিক কাজের মধ্যেও তাঁর গানবাজনা, ছবি আঁকা ও সাহিত্যসৃষ্টি অটুট ছিল এবং তাঁর ছেলেমেয়েরাও সেই পথেই অগ্রসর হচ্ছিলেন।
➤সুকুমার নাটক লিখতে লাগলেন, পর পর ‘ঝালাপালা’, ‘লক্ষ্মণের শক্তিশেল’ ইত্যাদি রচনা করে ভাইবন্ধুদের নিয়ে একটা দল গড়লেন এবং সম্ভবত ১৯০৭ সাল থেকে এই দল ‘ননসেন্স ক্লাব’ নাম নিয়ে দানা বেঁধে ওঠে। ‘সাড়ে বত্রিশ ভাজা’ নামে একটা হাতে-লেখা পত্রিকা এই ক্লাবের মুখপত্র ছিল। পূণ্যলতা লিখেছেন, “কাগজের সম্পাদক দাদা, মলাট ও মজার মজার ছবিগুলো সব দাদার আঁকা, অধিকাংশ লেখাও দাদারই।…বিশেষ করে ‘পঞ্চতিক্ত পাঁচন’ নামে সম্পাদকের পাঁচমিশেলি আলোচনার পাতাটি বড়রাও আগ্রহের সঙ্গে পড়তেন; পঞ্চতিক্ত নাম হলেও সেটা কিন্তু মোটেই তেতো ছিলো না, বরং খুব মুখরোচক ছিল। দাদার ঠাট্টার বিশেষত্বই এই ছিল যে তাতে কেউ আঘাত পেত না, কারো প্রতি খোঁচা থাকতো না, থাকতো শুধু মজা, শুধু সহজ নির্মল আনন্দ।”
➤ননসেন্স ক্লাবের অভিনয়ও ছিল সুকুমারের সমস্ত কাজের মতোই সহজ, সরল, অনাড়ম্বর। বাঁধা স্টেজ, সিন, সাজসজ্জা, মেক-আপ প্রায় কিছুই থাকতো না, রস জমতো নিছক সাহিত্যসৃষ্টি ও অভিনয়ের উৎকর্ষের জন্য। সুকুমার নাটক লিখতেন, অভিনয় শেখাতেন আর সাধারণত প্রধান পার্টটা নিজেই নিতেন। পূণ্যলতা লিখেছেন—“‘প্রধান’ মানে সবচেয়ে বোকা আনাড়ির পার্ট! হাঁদারামের অভিনয় করতে দাদার জুড়ি কেউ ছিল না!”
➤সুকুমারের পুত্র সত্যজিতের মধ্যেও নাট্যকৃতির এই সব্যসাচিত্ব দেখতে পাই, কেবল ‘হাঁদারাম’ বা যে-কোনো অংশে অভিনয় ছাড়া।
➤সুকুমারের এই সহজ নেতৃত্বের কথা তত্ত্বকৌমুদী পত্রিকায় বিমলাংশুপ্রকাশ রায় খুব সুন্দরভাবে বর্ণনা করেছিলেন—“তাঁর দল গড়ে উঠেছিল অতি সহজ, স্বাভাবিকভাবে, যেমন করে জলাশয়ের মধ্যেকার একটা খুঁটিকে আশ্রয় করে ভাসমান পানার দল গিয়ে জমাট বাঁধে। সত্যই তিনি ছিলেন খুঁটিস্বরুপ, আমাদের অনেকের আশ্রয়। তাঁর বন্ধুপ্রীতি ছিল অপূর্ব। তাঁর স্নিগ্ধ, শান্ত, উদার চোখদুটির মধ্যে একটা সম্মোহনী শক্তি ছিল। যার দিকে তাকাতেন তাকেই বশ করে ফেলতেন। তাঁর দলের আসন ছিল পথে পথে, তদানীন্তন সমাজপাড়ার ‘প্রবাসী’ কার্যালয়ের সামনে সংকীর্ণ গলিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা, বা অধুনা অবলুপ্ত ‘পাণ্ডির মাঠে’ (যেখানে এখন বিদ্যাসাগর হস্টেল হয়েছে) বসে, অথবা তাঁর ২২ নম্বর সুকিয়া স্ট্রিটের ভাড়াটে বাড়িতে, ননসেন্স ক্লাবের সাময়িক বৈঠকে, বা ১০ নম্বর কর্ণওয়ালিস স্ট্রিটে গগন হোম মহাশয়ের বাড়িতে প্রশস্ত রান্নাঘরে বসে বা দাঁড়িয়েই মাছভাজা বা আলুভাজা চর্বণের সঙ্গে সঙ্গে। আবার অনেক সময়ে আড্ডা জমতো প্রশান্ত মহলানবিশের ঘরে।”
➤এই দলের মধ্যে ছিলেন দ্বারকানাথ গংগোপাধ্যায়, রামানন্দ চট্টোপাধ্যায় ও গুরুচরণ মহলানবিশদের বাড়ির ছেলেরা এবং আরো অনেকে।
➤তখন ব্রাহ্ম যুবকদের ছাত্রসমাজ বলে একটা সংগঠন ছিল কিন্তু তার অবস্থা ভালো ছিল না দেখে সুকুমার ব্রাহ্ম যুবসমিতি গঠিত করলেন। এই সমিতির সভ্যেরা সমাজসেবামূলক কাজ এবং সভা করে আধ্যাত্মিক, সামাজিক প্রভৃতি বিষয়ে আলোচনা করতেন। বুধবার যুবকেরাই ব্রাহ্মসমাজমন্দিরে উপাসনা করতেন। তাছাড়া মাসে একবার করে সুকুমার এঁদের নিয়ে চড়ুইভাতি, স্টিমারযাত্রা প্রভৃতি আনন্দোৎসব করতেন।
➤তাঁরই প্রস্তাবে ১৯১০ সালে ব্রাহ্ম যুবসমিতির মাসিক মুখপত্র ‘আলোক’ বেরোলো। দাম হলো প্রতি সংখ্যা চার আনা কিন্তু প্রথম সংখ্যাটি সুকুমার নিলামে চড়ালেন এবং তাঁর মংলুমামা (দ্বারকানাথ গংগোপাধ্যায়ের পুত্র প্রফুল্লচন্দ্র গংগোপাধ্যায়) দশ টাকায় কিনে নিলেন। দুঃখের বিষয়, সুকুমার বিলেত যাওয়ার পর এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
➤ফিজিক্স ও কেমিস্ট্রিতে ডবল অনার্স নিয়ে বি. এস-সি. পাশের পর গুরুপ্রসন্ন বৃত্তি পেয়ে তিনি আলোকচিত্র ও ছাপাখানার প্রযুক্তিবিদ্যায় উচ্চতর শিক্ষালাভের জন্য বিদেশ যাত্রা করলেন। ১৯১১ সালের অক্টোবর মাসে ‘এরেবিয়া’ জাহাজে গেলেন এবং শিক্ষাসমাপ্তান্তে য়ুরোপের কয়েকটা দেশে ঘুরে ১৯১৩র শেষাশেষি দেশে ফিরে এলেন।
➤আলোকচিত্র ও ছাপার কাজ ভালো করে শিখে ইউ. রায় এণ্ড সন্সের কাজের আরো উন্নতি করা তাঁর একটা উদ্দেশ্য ছিল, আরেকটা ছিল উপেন্দ্রকিশোরের উদ্ভাবিত পদ্ধতিগুলি ওদেশের বিশেষজ্ঞদের সামনে প্রামাণ্যভাবে তুলে ধরা।
সম্পর্কিত বই – প্রকাশিকার কৈফিয়ৎ, সুকুমার রায়, পিতৃপুরুষ, বংশগতি, পরিবার-পরিবেশ, শৈশব, বাল্য ও কৈশোর, কর্মজীবনের দ্বারে, প্রবাসে, পূর্ণজীবন, আরও…