সুকুমার সম্মুখভাগ-শৈশব
এই বাড়িতে ১২৯৪ সনের ১৩ কার্তিক (১৮৮৭) সুকুমার রায়চৌধুরীর জন্ম হয়। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়, প্রথম সুখলতা, তৃতীয় পুণ্যলতা, তারপর সুবিনয়, শান্তিলতা ও সুবিমল। সুকুমার ছোটবেলা থেকেই চঞ্চল ও ফূর্তিবাজ ছিলেন আর তাঁর কৌতুহলও খুব বেশি ছিল। কলের খেলনাগুলোকে ঠুকে ঠুকে ভেঙে ভেতরকার রহস্য বের করতে চাইতেন আর বিকেলে ছাতে উঠে ছোট্ট লাঠি হাতে বোর্ডিঙের মেয়েদের তাড়া করে বেড়াতেন।
➤যাঁরা প্রতিভার ভাগ নিয়ে জন্মগ্রহণ করে তাঁদের মধ্যে ছোটবেলায় অনেক সময়েই এ প্রাণশক্তির প্রাচুর্য দেখা যায়। তাছাড়া তাঁর প্রতিভার অন্যান্য প্রমাণও তিনি শৈশব থেকেই দিয়েছিলেন। পূণ্যলতা লিখেছেন, “ছোটবেলা থেকেই দাদাও চমৎকার গল্প বলতে পারতো। বাবার প্রকাণ্ড একটা বই থেকে নানা জীবজন্তুর ছবি দেখিয়ে টুনী (শান্তিলতা), মণি (সুবিনয়) আর আমাকে অনেক আশ্চর্য আর মজার গল্প বলতো। বইয়ের গল্প ছাড়াও নিজের মনগড়া কত অদ্ভুত জীবের গল্প—মোটা ‘ভবন্দোলা’ কেমন দুলেদুলে থপথপিয়ে চলে, ‘মন্তুপাইন’ তার সরু, লম্বা গলাটা কেমন পেঁচিয়ে, গিঁট পাকিয়ে রাখে, গোলমুখো, ড্যাবাচোখো ‘কোম্পু’ অন্ধকার বারান্দার কোণে, দেয়ালের পেরেকে বাদুড়ের মতো ঝুলে থাকে।”—এদেরই আমরা পরে দেখলাম আবোল তাবোল, হযবরল আর হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরিতে।
➤শৈশব থেকেই সুকুমার অভিনয় করতে ভালোবাসতেন। প্রথমে তখনকার ছোটদের পত্রিকায় প্রকাশিত ছড়াগল্প নিয়ে আবৃত্তি ও অভিনয় করাতেন। পূণ্যলতা লিখেছেন—“বিকেলে যখন ছাতে অনেক লোক জমা হতো, তখন দুজনে ‘ইঁঁদূর ভায়া’, ‘নাপতে ভায়া’, ‘গণেশবাবু’ ইত্যাদি মজার কবিতা বিচিত্র মুখভঙ্গির সঙ্গে অভিনয় করে সবাইকে হাসাতাম। কতরকম মুখভঙ্গিই যে দাদা করতে পারতো!”
➤উপেন্দ্রকিশোর ছবি আঁকতেন আর নিজেদের ছেলেমেয়েদেরও আঁকতে শেখাতেন। প্রত্যেকেরই অল্পবিস্তর হাত থাকলেও সুখলতা আর সুকুমারের হাত সবচেয়ে ভালো ছিল। পরবর্তী জীবনের প্রতিশ্রুতি দেখিয়ে সুখলতার সুন্দর আর সুকুমারের মজার জিনিস আঁকার প্রতি ঝোঁক প্রকাশ পেত। পড়ার বইয়ের খালি পাতাগুলি তিনি মজার ছবি এঁকে ভরিয়ে দিতেন আর সাদাকালো ছবিগুলোয় রঙ দিয়ে দিতেন।
➤রসিকতা তাঁর স্বভাবসিদ্ধ ছিল। মাস্টারমশাই বলেছিলেন নিজের জিনিস গুছিয়ে রাখতে আর ভাইবোনেরা যদি কিছু ছড়িয়ে ফেলে রাখে, তাও তুলে ফেলতে। ছোটবোন টুনী মাটিতে পা ছড়িয়ে বসে কি যেন করছিলেন, সুকুমার তাঁকে সুদ্ধ তুলে নিয়ে ডেস্কে ভর্তি করলেন।
➤একবার হাওয়া বদলাতে দার্জিলিঙে গিয়ে তাঁর এক মাসি তাঁকে আদবকায়দা শেখাতে বসলেন। তিনি বিদ্রোহ করলেন, ঝগড়াঝাঁটি করে নয়, অতি বোকা এবং আনাড়ি সেজে সকলকে হাসিয়ে! মাসি যতই ধমকধামক করেন, তিনি ততই হাঁদার মতো মুখ করে ফ্যালফ্যাল করে তাকান, যেন কতই ভয় পেয়েছেন। শেষ পর্যন্ত মাসিকে সহজ সরল এই পরিবারটিকে সাহেবি রীতিতে দুরস্ত করার পরিকল্পনা ছাড়তে হলো।
➤মাঘোৎসবের মধ্যে বালক-বালিকা সম্মেলনের ভোজের জন্য ময়রা এক ড্রাম ভর্তি রসগোল্লা নিয়ে এলো। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী জিজ্ঞাসা করলেন, “এই এত রসগোল্লা কে একা খেতে পারে?” কেউ পারে না, তাই সবাই চুপচাপ, সুকুমার জোরে বলে উঠলেন, “আমি পারি!” তারপর ফিস ফিস করে যোগ করলেন, “অনেক দিনে।” শাস্ত্রী মহাশয় খুব হাসলেন—“ইতি গজ নাকি?”
➤নবদ্বীপচন্দ্র দাস বেজায় মোটা ছিলেন বলে সবাই তাঁকে জালা বলে তামাশা করতো। একদিন তিনি খেতে বসতে যাচ্ছেন, সুকুমার তাড়াতাড়ি তাঁর পিঁড়ির পাশে একটা বিঁড়ে এনে রাখলেন।
➤সুরমা, হাসি আর খুশি টবে ফুলগাছ লাগিয়েছিলেন। ওঁদের গাছে রঙিন কুঁড়ি ধরলো আর খুশির গাছে শাদা। খুশির তাতে মহা দুঃখ। পরদিন সকালে দেখা গেল খুশির গাছে নানা রঙের কুঁড়ি। তার আনন্দ আর ধরে না, কিন্তু একটু লক্ষ্য করতে ধরা পড়লো মেঝেতে রঙের ছিটে। ভোরবেলায় উঠে সুকুমার তুলি নিয়ে তাঁর বোনের গাছের ফুলের কুঁড়িগুলোকে রাঙিয়ে রেখেছেন।
➤সহানুভূতি সুকুমারের চরিত্রের অঙ্গ ছিল। তাঁদের পোষা বেড়ালে তাঁদেরই পোষা খরগোসের ছানা খেয়ে ফেলেছে। বেড়ালটাকে কি শাস্তি দেয়া যায় তার আলোচনায় দুঃখের চোটে শিশুমনে যখন নানা হিংস্রতার চিন্তা দানা বাঁধছে তখন সুকুমার দৃঢ়ভাবে বললেন, “না ও-সব শাস্তি দিতে পারবে না, ও কি বোঝে? মরা বাচ্চাগুলো দেখিয়ে ওকে বেশ করে পিট্টি দিয়ে দাও, তাহলেই আর কখনো এরকম করবে না।”
➤ছোট্ট সুকুমারের সাহসের একটা উদাহরণ: এক ছুটিতে ওঁরা মসূয়ায় দেশের বাড়িতে গেছেন। দুপুরবেলা সুকুমার, সুখলতা আর পূণ্যলতা বাইরের পুকুরের নির্জন বাঁধাঘাটে বসে আছেন এমন সময় প্রকাণ্ড লম্বা একটা লোক এসে উপস্থিত, তার হাত রক্তমাখা আর হাতে ধরা লম্বা ছুরি থেকে রক্ত ঝরছে। লোকটিকে ভীষণ দস্যু ডাকাত ভেবে বোনেরা ভয়ে কেঁপে উঠলেন কিন্তু ছয় বছরের শিশু সুকুমার এগিয়ে তার পথ আটকে দাঁড়ালেন। পরে অবিশ্যি জানা গেল লোকটি ওঁদেরই বাড়িতে পাঁঠা কেটে পুকুরে হাত ধুতে এসেছিল।
➤বাড়ির মধ্যেই ইস্কুল ছিল বলে এঁরা খুব তাড়াতাড়ি ভর্তি হয়েছিলেন আর মেয়েদের ইস্কুল হলেও শিশুশ্রেণীতে ভাইবোন, মামামাসি (দ্বারকানাথ গাংগুলির দ্বিতীয় পক্ষের ছেলেমেয়ে) সবাই এক জায়গাতেই পড়তেন। এছাড়া গৃহশিক্ষকও থাকতেন, কিন্তু এঁদের আসল শিক্ষা হতো বাড়িতে, বাবার কাছে। উপেন্দ্রকিশোর মুখে মুখে গল্পচ্ছলে সহজ বিজ্ঞানের কথা, পৃথিবীর জন্ম কথা, চাঁদসূর্য, গ্রহনক্ষত্রের কথা, ওঁদের শিখিয়ে দিতেন; দূরবীন দিয়ে আকাশের চাঁদতারা, গ্রহনক্ষত্র দেখাতেন।
➤কোনো মেলা বা একজিবিশনে গিয়ে উপেন্দ্রকিশোর ছেলেমেয়েদের সব জিনিস দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিতেন। তাঁরা যেখানেই যেতেন, তাঁদের চারদিকে ভিড় জমে যেতো—সবাই ছেলেপিলেদের সঙ্গে ছোট হয়ে গিয়ে কথাগুলো শুনতো। এই শিক্ষা সব অবস্থায়, সব সময়ে চলতো। একবারের কথা পূণ্যলতা লিখেছেন–“আমরা রেলগাড়িতে চড়ে কোথায় যেন বেড়াতে যাচ্ছি, আর ক্রমাগত বাবাকে প্রশ্ন করে চলেছি—’এটা কি?’ ‘ওটা কেন?’–বাবা বুঝিয়ে দিচ্ছেন। খানিক পরে ওদিককার সিট থেকে একজন ভদ্রলোক উঠে এসে বললেন, ‘মাফ করবেন, আপনার সঙ্গে আলাপ না করে পারছি না। কি আশ্চর্য সুন্দর করে আপনি ছেলেমেয়েদের শিক্ষা দেন! আমি এরকম আর দেখি নি’।”
সম্পর্কিত বই – প্রকাশিকার কৈফিয়ৎ, সুকুমার রায়, পিতৃপুরুষ, বংশগতি, পরিবার-পরিবেশ, শৈশব, বাল্য ও কৈশোর, কর্মজীবনের দ্বারে, প্রবাসে, পূর্ণজীবন, আরও…