Bong Long Reader

Biswajit Pal
👋 Welcome Users

Free Book Library – 329 Items

সুকুমার সম্মুখভাগ-পরিবার-পরিবেশ

সুকুমার রায় এই পরিবারের যে অদ্ভুত শাখায় জন্ম নিয়েছিলেন তার শীর্ষে ছিলেন বহুমুখী প্রতিভাশালী উপেন্দ্রকিশোের। এ’র সংসারের কথা উপলব্ধি করতে পারলে তবেই বুঝতে পারা যায় যে এত অল্প বয়সে সুকুমারের সত্তার এত পরিপূর্ণ বিকাশ কি করে সম্ভব হয়েছিল। উপেন্দ্রকিশোরের কর্ম ও মননধারাকে প্রায় সর্বত্রগামী বলে বর্ণনা করা যায়। তিনি একাধারে বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক ও সংগীতকলানিপুণ ছিলেন। ঊনবিংশ শতাব্দীর ভারতীয় নবজাগরণের অন্যান্য মহাজনদের মতো তিনি নিজ ক্ষেত্রে এক হাতে সৃষ্টি ও রক্ষার সামগ্রিক প্রয়াস করেছিলেন। ছোটদের জন্য লিখেছিলেন, এঁকেছিলেন এবং অযোগ্য মেশিনের স্থূলতায় সুন্দর সৃষ্টিকে বিকৃত হতে দেখে ছবিতোলা ও ছাপার জগতে দেশ-বিদেশে নতুন অধ্যায় যোজনা করেছিলেন। ছবি-গান-গল্প-কবিতা-প্রবন্ধরম্যরচনা প্রভৃতি দিয়ে যে অনবদ্য শিশুজগৎ তিনি রচনা করেছিলেন তারই পূর্বনীড় ছিল তাঁর সংসার।

➤এই সংসারে কোনো খিল ছিল না, ছোট বড় সবাই মিলে খেলাধুলো, আমোদপ্রমোদ, পড়ালেখা, ছবি-আঁকা, গানবাজনার মধ্যে যে অখণ্ড সঙ্গ স্থাপিত হয়েছিল তার পূর্ণপাত্র উপচে উঠে পরিবারের অন্যান্য শাখাকে অভিষিক্ত করে গোটা সমাজটাকেই সিঞ্চিত করেছিল।

➤উপেন্দ্রকিশোর ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ ছিলেন। মৈমনসিংহের জিলাস্কুলে পড়বার সময়ে তিনি সহপাঠী ব্রাহ্মভাবাপন্ন গগনচন্দ্র হোমের সঙ্গে মিশতে আরম্ভ করেন। পরে, ১৮৮০ বা ১৮৮১ সালে কলকাতায় কলেজে পড়তে এসে ব্রাহ্মসমাজের প্রতি আরো বেশি আকৃষ্ট হন এবং ক্রমশ ব্রাহ্মধর্ম গ্রহণ করেন।

➤তেইশ বছর বয়সে তিনি ব্রাহ্মসমাজের নেতা, প্রসিদ্ধ সমাজসংস্কারক ও তেজস্বী দেশসেবক দ্বারকানাথ গাংগুলির মেয়ে বিধুমুখীকে বিয়ে করেন। জাতধর্মের বেড়াভাঙা এই বিয়েতে আত্মীয়স্বজনেরা হয়তো প্রথমটা অসন্তুষ্ট হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারিবারিক স্নেহবন্ধনেরই জয় হয়েছিল।

➤বিয়ের কিছুদিন পর উপেন্দ্রকিশোর বিধুমুখীকে নিয়ে ১৩ নম্বর কর্ণওয়ালিস স্ট্রিটে লাহাদের প্রকাণ্ড লাল বাড়ির কয়েকটা ঘর ভাড়া করে সংসার পাতেন। এই বাড়িতে আরো কয়েকটি ব্রাহ্ম পরিবার ছিলেন। শ্বশুরমশাই দ্বারকানাথ গাংগুলি ও তাঁর দ্বিতীয়পক্ষের স্ত্রী স্বনামধন্যা কাদম্বিনী গাংগুলিও এই বাড়িতেই থাকতেন। তাছাড়া, এখানে ব্রাহ্মবালিকা শিক্ষালয় ও তার বোর্ডিং ছিল এবং এই বাড়ির ছাতে প্রতি বৎসর ভাদ্রোৎসব ও মাঘোৎসবের সময়ে বালক-বালিকা সম্মেলন হতো।

➤উপেন্দ্রকিশোরের ছয় ছেলেমেয়ের মধ্যে পাঁচটি এখানে জন্মেছিলেন আর এসেছিলেন সুরমা ভট্টাচার্য। এঁর মায়ের মৃত্যুর পর বাবা রামকুমার বিদ্যারত্ন তাঁর তিন মেয়েকে বন্ধুবান্ধবদের বাড়িতে রেখে সন্ন্যাসী হয়ে যান ও রামানন্দস্বামী নাম নেন। সেই থেকে নামে মাসি ‘সুরমা মাসি’ বাড়ির মেয়ের মতো বড় হয়েছিলেন ও পরে উপেন্দ্রকিশোরের সবচেয়ে ছোট ভাই প্রমদারঞ্জনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। উপেন্দ্রকিশোরের ষষ্ঠ সন্তান জন্মানোতে এবং কুলদারঞ্জনের স্ত্রীর মত্যুর পর তিনি তাঁর তিন সন্তানসহ এই পরিবারের অন্তর্ভূক্ত হলে পরিবারটির আয়তন আরো বাড়ে। অদ্ভুত এই বাড়িটায় একদিকে জাতীয় নবজাগরণের উপকরণ, অন্যদিকে জাতির ভবিষ্যতের উপাদান, দুয়ের আদান-প্রদানে একটা নতুন সত্তা জেগে উঠছিল।

➤যে-সব বড়রা এই বাড়িতে সর্বদা আসা-যাওয়া করতেন তাঁদের মধ্যে ছিলেন ব্রাহ্মসমাজের আচার্য বিখ্যাত সমাজসংস্কারক, পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, ধার্মিক নবদ্বীপচন্দ্র দাস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

➤ছোটবেলা থেকেই উপেন্দ্রকিশোরের সংগীতে ঝোঁক ছিল, তিনি বাঁশি ও বেহালা বাজাতেন এবং কলকাতায় আসার পর সম্ভবত গানবাজনার সূত্র ধরেই জোড়াসাঁকোয় যাতায়াত করতে থাকেন। এই সময় থেকে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর যে আজীবনসখ্য স্থাপিত হয়েছিল তার রেশ তাঁর মৃত্যুর পরও তাঁর সন্তানদের–বিশেষত সুকুমার ও তাঁর স্ত্রীর প্রতি স্নেহরূপে বর্ষিত হয়েছিল।

➤এই পরিবারের আবহাওয়াটা অসাধারণ ছিল : লীলা মজুমদার লিখেছেন—“মনে হয়, ওঁদের ছিল অবারিত দ্বার, কোনো দুঃখী, নিরাশ্রয় ওঁদের বাড়ি থেকে ফিরে যেতো না। কত রুগ্‌ণ লোক এসে চিকিৎসা করিয়ে যেত। একবার এক বৃদ্ধ পাগল ভদ্রমহিলাও অনেকদিন থেকে গেলেন। বাড়িসুদ্ধ সকলে নাস্তানাবুদ, কিন্তু উপেন্দ্রকিশোরের বাড়ির দরজা তবুও তেমনি খোলা রইলো।” পূণ্যলতা চক্রবর্তীও স্মৃতিচারণ করেছেন, “আমাদের বাড়িটা ছিল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অতিথি অভ্যাগত সকলেরই সুখের মিলনের জায়গা—‘বারো মাসে তেরো পার্বণে’র মতো ছোটখাটো কত আনন্দের উৎসব নিত্য লেগে থাকতো। ভগবানের নামগানে, প্রাণখোলা আদর-যত্নে, হাসি-আলাপে, গান-বাজনায় সকলেই কত তৃপ্তি ও আনন্দ পেতেন। বাবার এক বন্ধু বলতেন, ‘এ বাড়ির মানুষগুলো সব সময়েই যেন হাসছে–বাড়িটাও যেন হাসছে’!”

➤এই বিরাট বাড়িটাতেই বাংলার নতুন সমাজের একটা ছোট সংস্করণ ছিল। ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে ছোট ছেলেমেয়েরা এক সঙ্গেই পড়তো, বিকেলবেলায় বাড়িটার আবাসিক সমস্ত ছেলেপিলে প্রকাণ্ড ছাতে খেলা করতো, পূণ্যলতা চক্রবর্তী লিখেছেন, “লুকোচুরি, চোর-চোর, কুমির-কুমির, কানামাছি এ-সব খেলা তো ছিলই তাছাড়া মন থেকে বানিয়ে কতরকম খেলা হত–নতুন নতুন খেলার কল্পনা দাদার মাথায় খুব আসতো।”

➤সন্ধেবেলায় সকলে মিলে গোল হয়ে বসাটা একটা মস্ত ব্যাপার ছিল। কোন-কোনদিন অনেক ছেলেমেয়ে জড়ো হয়ে ম্যাজিক লণ্ঠন, শ্যাডোপ্লে এই-সব দেখা হতো আর “রোজ সন্ধ্যায় ছিল গল্প শোনার পালা–কত দেশ-বিদেশের কথা, রুপকথা, রামায়ণ মহাভারতের গল্প, যুদ্ধ ও বিপদের কত রোমাঞ্চকর গল্প, শুনতে শুনতে যেন কোন স্বপ্নরাজ্যে চলে যেতাম।”

➤সাধনার তীর্থক্ষেত্র এই বাড়িতে কয়েকটা কাজের ঘর ছিল। পূণ্যলতা চক্রবর্তী বলেছেন, “একটাকে আমরা বলতাম, ‘কংকালের ঘর’…এটা ছিল আমাদের ডাক্তার দিদিমার পড়াশোনার ঘর। আরেকটা ছিল ‘অন্ধকার ঘর’ তার চারদিক বন্ধ। ভিতরে লাল কাচের ঝাপসা ভুতুড়ে আলোয় আবছায়া দেখা যেত, বড়-বড় শাদা চৌকোনা ডিশ, আরো অনেক শিশিবোতল ও যন্ত্রপাতি। এটা ছিল ফোটোগ্রাফির ‘ডার্করুম।”

➤এই পরিবারের আবহাওয়ায় তিনটে স্রোত বইতো : একটা হাসি, খেলা, গান, গল্পের উল্লসিত সহজ স্রোত, আরেকটা জ্ঞানসাধনার, নব নব আবিষ্কারের স্রোত, আর তৃতীয়–নতুন সমাজ ও জাতির তেজস্বী জাগরণের স্রোত। এই পবিত্র ত্রিস্রোতায় অবগাহন করে সহজ প্রতিভাধারী সন্তানসন্ততি বিকশিত হচ্ছিলেন।

error: Content is protected !!
Scroll to Top