Bong Long Reader

Biswajit Pal
👋 Welcome Users

Free Book Library – 329 Items

সুকুমার সম্মুখভাগ-পূর্ণজীবন

ছবি ছাপার যে কোনো সূক্ষ্ম ও কঠিন বিষয় হাতে নেওয়ার সাহস ও দক্ষতা অর্জন করে দেশে ফিরে সুকুমার ইউ. রায় এণ্ড সন্সের কাজে লাগলেন। এর প্রয়োজন ছিল, কারণ উপেন্দ্রকিশোর তখন কঠিন রোগে আক্রান্ত–দুর্বল।

➤ঢাকার খ্যাতনামা সমাজসেবক কালীনারায়ণ গুপ্তের দৌহিত্রী, স্যর কে. জি. গুপ্তের ভাগ্নী–সুপ্রভার সঙ্গে তাঁর বিয়ে হল। এই বিয়েতে যোগ দেবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ থেকে কলকাতায় এসেছিলেন। সুপ্রভা অপূর্ব সুন্দর গান গাইতেন আর কারুশিল্পেও তাঁর দক্ষতা আস্তে আস্তে ফুটে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গান এত পছন্দ করেছিলেন যে শান্তিনিকেতনে তো বটেই, কলকাতায় এসেও অনেক সময়ে তাঁকে ডেকে নিয়ে নিজের নতুন গান শিখিয়ে দিতেন। সেবায়, নিষ্ঠায় তিনি প্রায় আদর্শস্থানীয়া ছিলেন। রায়বাড়ির সম্মান শুধু রক্ষা করবার নয়, বাড়িয়ে তুলবার মতো মেয়ে ছিলেন সুপ্রভা। বস্তুত এ বিয়ে রাজযোটক হয়েছিল।

➤ঘটনাস্রোত দ্রুত বয়ে চলছিল। সুকুমার দেশে ফেরার আগেই, ১৯১৩ সালে সন্দেশ পত্রিকা প্রকাশিত হল। ১৯১৪ সালে ১০০ নম্বর গড়পার রোডের নতুন বাড়িতে ‘ইউ. রায় এণ্ড সন্স’-সহ রায়পরিবার উঠে এলেন। সামনের দিকে একতলায় আপিস ও ছাপাখানা, আর দোতলায় স্টুডিও ইত্যাদি; পেছনে একতলা থেকে তেতলা পর্যন্ত থাকার জায়গা। কিন্তু সুখের পাত্র পূর্ণ হতে না হতে যেন ফুটো হয়ে গেল। ১৯১৫ সালে, মাত্র বাহান্ন বছর বয়সে উপেন্দ্রকিশোর মারা গেলেন। মাত্র আটাশ ও তেইশ বছর বয়সে, জাতীয় ও আন্তর্জাতিক ঝড়ের মাঝখানে, সুকুমার আর সুবিনয় কারবার ও সংসারের সমস্ত ভার মাথায় তুলে নিলেন।

➤কঠিন সময়ের মুখোমুখি হয়েও দুই ভায়ের সামাজিক জীবনে শৈথিল্য এলো না। সুকুমার ব্রাহ্ম যুবসমিতিকে নতুন করে জাগিয়ে তুললেন, কাজের সঙ্গে আমোদ-প্রমোদও মিশিয়ে নিলেন। সেইরকম উপলক্ষে তাঁর ছড়া পাওয়া যায়–

 

“মাঘোৎসবের স্টিমার পার্টি মস্ত মজার ব্যাপার,

জ্বরোরুগী চল্ল খেপে মাথায় বেঁধে র‍্যাপার।

খাবার দাবার নিয়ে সবাই উঠলো নায়ে চেপে,

মংলু এলো শিং বাগিয়ে জংলু এলো খেপে।”

 

মংলু আর জংলু হলেন দ্বারকানাথ গংগোপাধ্যায়ের দুই ছেলে প্রফুল্লচন্দ্র এবং প্রভাতচন্দ্র গংগোপাধ্যায়।

➤সুকুমারের রসবোধ কি করে অনেক সময়ে সামাজিক সংকটের উদ্ধারে সাহায্য করতো তার কয়েকটি উদাহরণ দেওয়া যায়।

➤একবার সাধারণ ব্রাহ্মসমাজের প্রাঙ্গণে ব্রাহ্মসমাজের নেতৃস্থানীয় ভিন্ন প্রদেশবাসী কোন ব্যক্তির সম্বর্ধনায় প্রীতিসম্মেলনের আয়োজন হয়, কিন্তু আরম্ভেই দুই দল যুবকের মধ্যে বচসার সূত্রপাতে একটা অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সকলে অস্থির হয়ে উঠেছেন এমন সময়ে সুকুমার হঠাৎ তাঁর লক্ষ্মণের শক্তিশেলের গান ধরলো—

 

“কেন, কেন, কেনরে,

চেঁচিয়ে কাঁচা ঘুম ভাঙো কেন?”

 

অমনি হাসির রোলের মধ্যে সমস্ত তিক্ততা ধুয়ে ভেসে গেল।

➤আরেকবার কংগ্রেসের সভামণ্ডপে গায়কদলের মধ্যে সুকুমার রয়েছেন। ওঁদের সামনে এক ভলাণ্টিয়ার সর্দার ঘোরাঘুরি করছে। মিলিটারি ধরনের উর্দি পরে বোধহয় তার মাথা ঘুরে গেছে, সে বীরদর্পে পায়চারি করতে করতে এমন ভঙ্গিতে মেয়েদের সামনে এসে দাঁড়াচ্ছে যে সকলে বিরক্ত হচ্ছেন, কিন্তু আগের দিন ভলাণ্টিয়ারও দর্শকদের মধ্যে একটা মারামারি হয়ে যাওয়াতে ভয়ে কেউ কিছু বলতে চাইছেন না। এই সময়ে সকুমার, ছোটরা দুষ্টুমি করলে বড়রা যেমনভাবে ভর্ৎসনা করেন তেমনি ভঙ্গিতে তার দিকে চেয়ে, হেসে, বললেন, “দুৎ!” যুবকটি অপ্রস্তুত, হয়ে পালালো।

➤আরেকবার, ঢাকাতে একদল বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গেছেন, যান্ত্রিক গোলযোগের জন্য মাঝখানে ছবি বন্ধ হয়ে গেল। দর্শকেরা অধৈর্য হয়ে উঠে যখন বিক্ষোভে ফেটে পড়ছে তখন তিনি সদলবলে গান ও অভিনয় আরম্ভ করে দিলেন–অমনি সব চুপ! অভিনয় প্রায় শেষ হতে চলেছে, এমন সময়ে ম্যানেজার এসে মিনতি করে বললেন, “মশাইরা দয়া করে আরেকটু-খন চালিয়ে যান, আমাদের প্রায় সব ঠিক হয়ে এসেছে।”

➤সুকুমার ঘনিষ্ঠ নিকট বন্ধুদের নিয়ে ননসেন্স ক্লাবের উত্তরসাধনে “মন-ডে ক্লাব” বা “মণ্ডা ক্লাব” স্থাপিত করলেন। এর বিষয়ে প্রভাতকুমার গংগোপাধ্যায় লিখেছিলেন—“জীবনে বহু ক্লাবের সংস্পর্শে আমি আসিয়াছি, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিচিত্রার সদস্য হইবার সৌভাগ্যও আমার হইয়াছিল, কিন্তু বলিতে দ্বিধা নাই যে মন-ডে ক্লাবের ন্যায় এত বিচিত্র, এত রসে ভরপুর কোন ক্লাব আর আমি দ্বিতীয় দেখি নাই।” (শ্রীপরিমল গোস্বামীর সৌজন্যে)।

 

এই ক্লাবের গৃহীত সংগীত ছিল রবীন্দ্রনাথের “আমরা লক্ষ্মীছাড়ার দল।” সভ্যদের অনেকেই খুব লম্বাচওড়া ছিলেন—গড়পারের দোতলার বসবার ঘরে ধেই ধেই নৃত্যসহকারে যখন এই গানটি গাওয়া হতো তখন তার নীচের ঘরে খাবারের রেকাব সাজাতে সাজাতে বৌ-রা ভাবতেন ছাতটা ভেঙে মাথায় না পড়ে! অন্য একটা গান–

 

“আমাদের মন-ডে সম্মিলন,

হা রে রে আমাদের মন-ডে সম্মিলন!

চারুবাবুর দধি, কারু ঘোলের নদী,

জংলিভায়ার সরবতেতে মন মাতালে নিরবধি”–

 

রচিত হয়েছিল “আমাদের শান্তিনিকেতন” গানের প্যারডি করে।

➤সভ্যতালিকায় যাঁদের নাম পাওয়া যায় তাঁদের মধ্যে ছিলেন সুকুমার রায়, সুবিনয় রায়, প্রভাতচন্দ্র গংগোপাধ্যায়, অতুলপ্রসাদ সেন, জীবনময় রায়, কালিদাস নাগ, দ্বিজেন্দ্রনাথ মৈত্র, সুরেন্দ্রনাথ মৈত্র, গিরিজাশঙ্কর রায়চৌধুরী, অজিতকুমার চক্রবতী, নির্মলকুমার সিদ্ধান্ত, অমলচন্দ্র হোম, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, কিরণশঙ্কর রায়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ দত্ত, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গিরিশচন্দ্র শর্মা, কিরণকুমার বসাক, হিরণকুমার সান্যাল, প্রশান্তচন্দ্র মহলানবিশ ইত্যাদি।

➤ক্লাবে নাচ-গান, খাওয়া-দাওয়া ছাড়া বিভিন্ন রসপূর্ণ ও জ্ঞানগর্ভ বিষয়ের আলোচনা হত। দেশ-বিদেশের সাহিত্য, দর্শন, ধর্মতত্ত্ব কিছু এঁদের বৈঠক থেকে বাদ পড়তো না।

➤এখানেও সুকুমারের ছড়াকাটার অদম্য অভ্যাস পদে পদে কাজ করে গেছে। নেমন্তন্নের চিঠি বেরোচ্ছে ছড়ায়—

 

“সতেরোই শনিবার অপরাহ্ন বেলা,

গড়পারে হৈ হৈ সরবতী মেলা,

সরবৎ, সদালাপ, সংগীত ভীতি,

ফাঁকি দিলে নাহি লাভ,

জেনে রেখো ইতি।”

 

ক্লাবের ‘অধিকারী’ শিশিরকুমার দত্ত বা ‘খোদন’ নোটিস দিয়েছেন যে সভায় সুকুমার রায় মিসিং লিংক সম্বন্ধে প্রবন্ধ পড়বেন। এতে ছড়ার বদলে ছবি—ছবিতে খাবারের রেকাব হাতে দাড়িওয়ালা ব্যক্তি অবশ্যই শিশিরকুমার দত্ত আর পাঠরত লোকটির সুকুমারের সঙ্গে সাদৃশ্য না থাকলেও, মিসিং লিংকের সঙ্গে আছে প্রচুর এখানে উল্লেখ্য যে শিশিরকুমার দত্ত ছিলেন সুপ্রভার মাসতুত ভাই, অর্থাৎ সুকুমারের সম্পর্কে শালা।

➤বড়বউ সুপ্রভার ডাকনাম ‘টুলু’ আর সুবিনয়ের বিয়ে হল মধ্যপ্রদেশের নামকরা ডাক্তার লক্ষ্মীনারায়ণ চৌধুরীর মেয়ে পুষ্পলতা বা পুষুর সঙ্গে। ক্লাবের চিঠি বেরোলো—

 

“আসছে কাল, শনিবার

অপরাহ্ন সাড়ে চার,

আসিয়া মোদের বাড়ি,

শুভ পদধূলি ঝাড়ি,

কৃতার্থ করিলে সবে

টুলুপুষু খুশি হবে।”

 

আরেকটা চিঠিতে সভ্যদের নাম নিয়ে ঠাট্টা করা হয়েছে–

 

‘কেউ বলেছে খাবো খাবো,

কেউ বলেছে খাই,

সবাই মিলে গোল তুলেছে–

আমি তো আর নাই।

ছোটকু বলে ‘রইনু চুপে

কমাস ধরে কাহিল রুপে,’

জংলি বলে ‘রামছাগলের

মাংস খেতে চাই।’

যতই বলি ‘সবুর কর’–কেউ শোনে না–কালা!

জীবন বলে কোমর বেঁধে ‘কোথায় লুচির থালা?’

খোদন বলে রেগে মেগে,

ভীষণ রোষে বিষম লেগে

‘বিষ্যুতে কাল গড়পারেতে

হাজির যেন পাই।’

 

চিঠির শেষে জরুরি বিজ্ঞপ্তি—“ইনসিওর ইওর লাইফ উইথ গ্রেশামস্ এ্যাট্ওয়ান্‌স!”—শিশিরকুমার দত্ত যে ‘গ্রেশাম’ কোম্পানির দালালি করতেন এটা তারই প্রতি বক্রোক্তি।

➤‘অধিকারী’ তাঁর দালালির কাজে কিছুদিন বিহার সফরে গেলেন। তখন চিঠি দেয়া হল–

 

‘ক্লাবটিরে ছাড়ি হল অধিকারী

মাস তিনচারি বিহার-বিহারী।

বিরহেতে তারি ব্যথা পেয়ে ভারি

নিঃশ্বাস ছাড়ি ভিজাইল দাড়ি

যত বুড়োধাড়ি সভ্যের সারি–

ঘোর বাড়াবাড়ি!’

 

তিনি ফিরে এলেন। পরের চিঠিতে তাঁর ছোট্ট ছাগলদাড়িওয়ালা চন্দ্রবদনের ছবির নীচে লেখা হল–

 

‘শুনেছিনু গেছে গেছে,

শুনেছিনু নেই সে,

দাড়ি নেড়ে চাঁদা চায়

আষাঢ়ের বাইশে!’

 

আরেকটি ছড়ায় চিঠি দিয়ে এই অংশ শেষ করি, শিশিরকুমার দত্তের বকলমে লেখা হয়েছে–

 

‘আমি, অর্থাৎ সেক্রেটারি,

মাস তিনেক কলকাতা ছাড়ি

যেই গিয়েছি অন্য দেশে,

অমনি কি সব গেছে ফেঁসে!

বদলে গেছে ক্লাবের হাওয়া,

কাজের মধ্যে কেবল খাওয়া,

চিন্তা নেই কো গভীর বিষয়,

আমার প্রাণে এ-সব কি সয়?

এখন থেকে সমঝে রাখো,

এ-সমস্ত চলবে না কো,

আমি আবার এইছি ঘুরে,

তান ধরেছি সাবেক সুরে,

মংগলবার আমার বাসায়,–

আর থেকো না ভোজের আশায়–

শুনবে এসো সপ্রবন্ধ

গিরিজার বিবেকানন্দ।’

 

প্রথমে ননসেন্স ক্লাব ও পরে মন-ডে ক্লাবের জন্য সুকুমার যে-সব প্রবন্ধ, কবিতা, নাটক ইত্যাদি লিখেছিলেন তার অনেকগুলিই তাঁর জীবনকালে বিভিন্ন পত্র-পত্রিকায় বেরিয়েছিল। পরে কিছু কিছু এম. সি. সরকার এন্ড কোং ও সিগনেট প্রেস ছাপান।

➤মন-ডে ক্লাবের অভিনয়ের মধ্যে ছিল শ্যারাড বা নাট্যাকারে লুকোনো শব্দের ধাঁধা। এগুলি লিখে রাখলে সভাসমিতিতে মজা করবার উপযুক্ত সাহিত্য হয়ে থাকতো। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, রবীন্দ্রনাথের ‘হাস্যকৌতুক’ ও ‘ব্যঙ্গকৌতুকের’ মধ্যে শ্যারাড আছে।

➤কবির জন্মতিথিতে সুকুমার শান্তিনিকেতনে যেতেন। এ-সম্বন্ধে কতকগুলি খবর শ্রীমতী সীতাদেবীর ‘পুণ্যস্মৃতি’তে পাওয়া যায়। ১৯১১ সালে তিনি ‘অদ্ভুত রামায়ণ’ (লক্ষ্মণের শক্তিশেল) থেকে ‘ঐ আসে, ঐ আসে—’ গানটি গেয়েছিলেন। ওটি এত জনপ্রিয় হয়েছিল যে তাঁর নামই হয়ে গেছিল ‘ঐ আসে!’

➤১৯১৭ সালে তিনি শান্তিনিকেতনে সস্ত্রীক গিয়ে তিন-চারদিন থেকেছিলেন। তখন ‘অদ্ভুত রামায়ণে’র গান এবং অন্য কয়েকটি হাসির গান ও কবিতা আর ‘শ্রীশ্রীশব্দকল্পদ্রম’ পড়ে শুনিয়েছিলেন আর কয়েকটি শ্যারাডের অভিনয় করিয়েছিলেন।

➤এইবার একটি ‘বাঙালসভা’র আয়োজন হয়েছিল। রবীন্দ্রনাথ স্বয়ং উপস্থিত ছিলেন, তিনি প্রস্তাব করেছিলেন যে শ্রীমতী সুপ্রভাকে সভানেত্রী করা হোক, কিন্তু তিনি রাজি না হওয়াতে সুকুমার সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছিলেন, কিন্তু জন্মাবধি কলকাতাবাসী হয়ে বাঙাল ভাষায় কথা বলার ক্ষমতা ভালোভাবে আয়ত্ত ছিল না বলে তাঁর ভাষণটি পুরোপুরি বাঙাল ভাষায় দিতে পারেন নি।

➤এই সময়ে ভারতীয় চিত্রকলার পুনরভ্যুত্থান প্রবাসী ও মডার্ণ রিভিউ পত্রিকা এই নবজাগরণের প্রবক্তার স্থান নিয়েছিল এবং ওই দুটি কাগজে অবনীন্দ্রনাথ, নন্দলাল ও তাদের শিষ্যদের অনেক ছবি ছাপা হচ্ছিল। এই প্রসঙ্গে বিমলাংশুপ্রকাশ রায়চৌধুরীর এক প্রবন্ধকে অবলম্বন করে একটি তর্কযুদ্ধ হয়েছিল। তার সর্বশেষ প্রবন্ধটি ছিল সুকুমারের।

➤১৯২১ সালে তাঁর বহুপ্রার্থিত একমাত্র সন্তান সত্যজিতের জন্ম হলো। তারপরই তিনি কালাজ্বরে আক্রান্ত হলেন। গ্রামের জমিদারী দেখতে গিয়ে রোগ নিয়ে এলেন এবং পিতার মতো তিনি এমন রোগে গেলেন যাতে আজ আর কেউ মরে না।

➤দীর্ঘ আড়াই বছর তিনি রোগশয্যায় ছিলেন। এই সময়ে তাঁর ঘরটি ছিল সন্দেশের প্রাণকেন্দ্র, বাংলার শিশুসাহিত্যতীর্থ। কখনো মোটা তাকিয়ায় ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে, কখনো-বা তাতে পিঠ দিয়ে আধবসা হয়ে ড্রইং বোর্ডের ওপর সরঞ্জাম নিয়ে লিখতেন, আঁকতেন। লোকে দেখা করতে এলে বোর্ডটি পাশে সরিয়ে রেখে কথা বলতেন। কখনো ওইভাবেই সুবিনয়ের সঙ্গে সন্দেশ পত্রিকা, ইউ. রায় এণ্ড সন্স বা অন্য কোন জটিল বৈষয়িক সমস্যা নিয়ে আলোচনা করতেন।

➤পিতার মতোই সুকুমার স্বাস্থ্যের সন্ধানে ঘুরলেন—দার্জিলিং, শান্তিনিকেতন। সোদপুর-পানিহাটিতে জমিদার গোপালদাস চৌধুরী তাঁর চণ্ডীমণ্ডপে দরমা দিয়ে ঘিরে সুন্দর থাকার জায়গা করে দিয়েছিলেন। সেখানে কিছুদিন রইলেন। গঙ্গার ধারে পশ্চিমের জানলার পাশে শুয়ে সূর্যাস্তের রঙিন ছবি আঁকলেন। স্বাস্থ্য খুঁজে পেলেন না—ফিরে এলেন।

➤শান্ত, সমাহিত মনে কাজ করে চললেন। প্রিয় শিশুদের জন্য কবিতায় ব্রাহ্মসমাজের ইতিহাস ‘অতীতের ছবি’ আর একটি স্তোত্র—’নমি সত্য সনাতন নিত্যধনে’ রচনা করলেন।

➤আচার্য ক্ষিতিমোহন এসে পুরনো ভক্তিকথা শোনাতেন আর রবীন্দ্রনাথ ঠাকুর গান শোনাতেন। শেষ যেদিন কবি গাইলেন সেদিন সুকুমার নিজে চেয়ে শুনলেন–

 

“দুঃখ এ নয়, সুখ নহে গো,

গভীর শান্তি এ যে।”

 

প্রথম প্রভাতেই জীবনসূর্য অস্ত গেল। অসামান্যা স্ত্রী সুপ্রভা, প্রতিভার ধারাবাহী শিশুপুত্র সত্যজিৎ আর স্নেহদুগ্ধ ভাইবোনেরা পড়ে রইলেন। রূপবান, গুণবান, সহিষ্ণু সুবিনয় রইলেন সেই ঝড়ের সাগরে ফুটো নৌকোর হাল ধরতে। তিনিও পারলেন না, স্বাস্থ্য ভেঙে গেল।

➤চার বছরের মধ্যে গড়পাড়ের বাড়ি ছেড়ে আসতে হল। পরিবারের সকলে নানা জায়গায় ছড়িয়ে পড়লেন। বিধুমুখী দেওর মুক্তিদারঞ্জনের বাড়িতে মারা গেলেন। স্বাধীনচেতা সুবিনয় সরকারি চাকরি করলেন এবং সঙ্গে সঙ্গে শিশুসাহিত্যের ভাণ্ডারে নানা রচনা দান করে চললেন। মাত্র বাহান্ন বছর বয়সে তিনিও গেলেন।

➤তবু শেষ হল না। সুকুমারের মৃত্যুর পর রবীন্দ্রনাথ তাঁর একটা কবিতা স্বহস্তে লিখে সুপ্রভাকে পাঠিয়েছিলেন–

 

“শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?

আঘাত হয়ে দেখা দিলে,

আগুন হয়ে জ্বলবে।”

 

আগুন ছিল এই পরিবারে; তাই যে-সব গুপ্ত আঘাতে তরী ডুবেছিল সেটা ইতিহাস নয়–ঝড়ে জলে অবিচলিত প্রতিভার দীপশিখাই সত্য।

error: Content is protected !!
Scroll to Top