সৎ পাত্র
(সুকুমার রায়)
শুনতে পেলুম পােস্তা গিয়ে—
তােমার নাকি মেয়ের বিয়ে?
গঙ্গারামকে পাত্র পেলে?
জানতে চাও সে কেমন ছেলে?
মন্দ নয়, সে পাত্র ভালাে—
রঙ যদিও বেজায় কালাে;
তার উপরে মুখের গঠন
অনেকটা ঠিক প্যাঁচার মতন।
বিদ্যে বুদ্ধি? বলছি মশাই—
ধন্যি ছেলের অধ্যবসায়!
উনিশটিবার ম্যাট্রিকে সে
ঘায়েল হয়ে থামল শেষে।
বিষয় আশয়? গরিব বেজায়—
কষ্টে-সৃষ্টে দিন চলে যায়।
মানুষ তাে নয় ভাইগুলাে তার-
একটা পাগল একটা গোঁয়ার;
আরেকটি সে তৈরি ছেলে,
জাল ক’রে নােট গেছেন জেলে।
কনিষ্ঠটি তবলা বাজায়
যাত্রাদলে পাঁচ টাকা পায়।
গঙ্গরাম তাে কেবল ভােগে
পিলের জ্বর আর পাণ্ডু রােগে।
কিন্তু তারা উচ্চ ঘর,
কংসরাজের বংশধর!
শ্যাম লাহিড়ী বনগ্রামের
কি যেন হয় গঙ্গারামের।—
যাহােক, এবার পাত্র পেলে,
এমন কি আর মন্দ ছেলে?
।। সমাপ্তি ।।