Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

ট্যাঁশ গরু-সুকুমার রায়

ট্যাঁশ্ গরু গরু নয়, আসলেতে পাখি সে;

যার খুশি দেখে এস হারুদের আফিসে।

চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখানা মস্ত,

ফিটফাট্ কালোচুলে টেরিকাটা চোস্ত।

তিন-বাঁকা শিং তার, ল্যাজখানি প্যাঁচান—

একটুকু ছোঁও যদি, বাপরে কি চ্যাঁচান!

লটখটে হাড়গোড় খটখট্ ন’ড়ে যায়,

ধমকালে ল্যাগব্যাগ্ চমকিয়ে প’ড়ে যায়।

বর্ণিতে রূপ গুণ সাধ্য কি কবিতার,

চেহারার কি বাহার—ঐ দেখ ছবি তার।

ট্যাঁশ গরু খাবি খায় ঠ্যাস্ দিয়ে দেয়ালে,

মাঝে মাঝে কেঁদে ফেলে না জানি কি খেয়ালে;

মাঝে মাঝে তেড়ে ওঠে, মাঝে মাঝে রেগে যায়,

মাঝে মাঝে কুপোকাৎ দাঁতে দাঁত লেগে যায়।

খায় না সে দানাপানি—ঘাস পাতা বিচালি

খায় না সে ছোলা ছাতু ময়দা কি পিঠালি;

রুচি নাই আমিষেতে, রুচি নাই পায়সে

সাবানের সুপ আর মোমবাতি খায় সে।

আর কিছু খেলে তার কাশি ওঠে খকখক্,

সারা গায়ে ঘিনঘিন্, ঠ্যাং কাঁপে ঠকঠক্।

একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালি সে—

তিন মাস আধমরা শুয়েছিল বালিশে।

কারো যদি শখ্ থাকে ট্যাঁশ গরু কিনতে,

সস্তায় দিতে পারি, দেখ ভেবে চিন্তে।

error: Content is protected !!
Scroll to Top