সাহস
(সুকুমার রায়)
পুলিশ দেখে ডরাই নে আর, পালাই নে আর ভয়ে,
আরশুলা কি ফড়িং এলে থাকতে পারি সয়ে,
আঁধার ঘরে ঢুকতে পারি এই সাহসের গুণে,
আর করে না বুক দুরদুর জুজুর নামটি শুনে,
রাত্তিরেতে একলা শুয়ে তাও তো থাকি কত,
মেঘ ডাকলে চেঁচাই নেকো আহাম্মুকের মতো।
মামার বাড়ির কুকুরদুটোর বাঘের মতো চোখ,
তাদের আমি খাবার খাওয়াই এমনি আমার রোখ!
এমনি আরো নানান দিকে সাহস আমার খেলে,
সবাই বলে ‘খুব বাহাদুর’ কিংবা ‘সাবাস্ ছেলে’।
কিন্তু তবু শীতকালেতে সকালবেলায় হেন
ঠাণ্ডা জলে নাইতে হলে কান্না আসে কেন?
সাহস টাহস সব যে তখন কোনখানে যায় উড়ে–
ষাঁড়ের মতন কণ্ঠ ছেড়ে চেঁচাই বিকট সুরে!
সন্দেশ(১৩২৪)
।। সমাপ্তি।।