নারদ নারদ
(সুকুমার রায়)
“হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল
সাদাকে বলছিলি লাল?
(আর)সেদিন নাকি রাত্রি জুড়ে
নাক ডেকেছিস্ বিশ্রী সুরে?
(আর)তোদের পোষা বেড়ালগুলো
শুনছি নাকি বেজায় হুলো?
(আর)এই যে শুনি তোদের বাড়ি
কেউ নাকি রাখে না দাড়ি?
ক্যান্ রে ব্যাটা ইসটুপিড?
ঠেঙিয়ে তোরে করব ঢিট্!”
“চোপরাও তুম্ স্পিকটি নট্,
মারব রেগে পটাপট্—
ফের যদি ট্যারাবি চোখ,
কিম্বা আবার করবি রোখ,
কিম্বা যদি অমনি ক’রে
মিথ্যেমিথ্যি চ্যাঁচাস্ জোরে—
আই ডোন্ট কেয়ার্ কানাকড়ি—
জানিস্ আমি স্যান্ডো করি?
“ফের লাফাচ্ছিস্! অলরাইট্
কামেন্ ফাইট্! কামেন্ ফাইট্!”
“ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি,
টেরটা পাবে আজ এখনি!
আজকে যদি থাকত মামা
পিটিয়ে তোমায় করত ধামা।”
“আরে! আরে! মারবি নাকি?
দাঁড়া একটা পুলিশ ডাকি!”
“হাঁহাঁহাঁহাঁ! রাগ করো না,
করতে চাও কি তাই বল না!”
“হাঁ হাঁ তাতো সত্যি বটেই
আমি তো চটিনি মোটেই!
মিথ্যে কেন লড়তে যাবি?
ভেরি-ভেরি সরি, মশলা খাবি?”
” ‘শেকহ্যান্ড’ আর ‘দাদা’ বল
সব শোধ বোধ ঘরে চল।”
“ডোন্ট পরোয়া অল্ রাইট্
হাউ ডুয়ুডু গুড্ নাইট্।”
।। সমাপ্তি ।।