জালা-কুজো সংবাদ
(সুকুমার রায়)
পেট মােটা জালী কয়, ‘হেসে আমি মরি রে
কুঁজো তোর হেন গলা এতটুকু শরীরে।”
কুঁজো কয়, “কথা কস্ আপনাকে না চিনে,
ভুঁড়িখানা দেখে তাের কেঁদে আর বাঁচি নে।”
জালা কয়, “সাগরের মাপে গড়া বপুখান,
ডুবুরিরা কত তােলে তবু জল অফুরান।”
কুঁজো কয়, “ভালাে কথা! তবে যদি দৈবে,
ভুঁড়ি যায় ভেস্তিয়ে, জল কোথা রইবে?”
“নিজ কথা ভুলে যাস্?” জালা কয় গর্জে,
“ঘাড়ে ধরে হেঁট করে জল নেয় তোর যে।”
কুঁজো কয়, “নিজ পায়ে তবু খাড়া রই তো–
বিঁড়ে বিনা কুপোকাৎ, তেজ তাের ঐ তাে।”
সন্দেশ(চৈত্র, ১৩২৭)
।। সমাপ্তি।।