Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

হিতে বিপরীত-সুকুমার রায়

ওরে ছাগল, বলতাে আগে

সুড়সুড়িটা কেমন লাগে?

কই গেল তাের জারিজুরি

লম্ভঝম্প বাহাদুরি।

নিত্যি যে তুই আসতি তেড়ে

শিং নেড়ে আর দাড়ি নেড়ে

ওরে ছাগল করবি রে কি?

গুঁতোবি তো আয় না দেখি।

হাঁ হাঁ হাঁ, এ কেমন কথা?

এমন ধারা অভদ্রতা!

শান্ত যারা ইতর প্রাণী

তাদের পরে চোখরাঙানি!

ঠাণ্ডা মেজাজ কয় না কিছু

লাগতে গেছ তারই পিছু?

শিক্ষা তােদের এম্নিতর

ছি–ছি–ছি! লজ্জা বড়।

ছাগল ভাবে সামনে একি!

একটুখানি গুতিয়ে দেখি।

গুঁতোর চোটে ধড়াধুড়

হুড়মুড়িয়ে ধুলােয় পড়।

তবে রে পাজি লক্ষীছাড়া

আমার ‘পরেই বিদ্যে ঝাড়া,

পাত্রাপাত্র নাই কিরে হুঁশ

দেদমাদম ধুপুস ধাপুস।

 

সন্দেশ-১৩২৩

error: Content is protected !!
Scroll to Top