হিংসুটিদের গান
(সুকুমার রায়)
আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারি বিশ্রী,
তোমরা খাবে নিমের পাঁচন, আমরা খাব মিশ্রী।
আমরা পাব খেলনা পুতুল, আমরা পাব চম্চম্,
তোমরা তো তা পাচ্ছ না কেউ পেলেও পাবে কম্ কম্।
আমরা শোব খাট্ পালঙে মায়ের কাছে ঘেঁষ্টে,
তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে।
আমরা যাব জাম্তাড়াতে চড়ব কেমন ট্রেইনে,
চেঁচাও যদি “সঙ্গে নে যাও” বল্ব “কলা এই নে”।
আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন্ জুতোয় মচ্মচ্,
তোমরা হাঁদা নোংরা ছিছি হ্যাংলা নাকে ফঁচ্ফঁচ্।
আমরা পরি রেশ্মি জরি, আমরা পরি গয়না,
তোমরা সে-সব পাও না ব’লে তাও তোমাদের সয় না।
আমরা হব লাটমেজাজী, তোমরা হবে কিপ্টে,
চাইবে যদি কিচ্ছু তখন ধর্ব গলা চিপ্টে।
সন্দেশ(মাঘ, ১৩২৭)
।। সমাপ্তি।।