ফসকে গেল
(সুকুমার রায়)
দেখ্ বাবাজি দেখবি নাকি
দেখরে খেলা দেখ্ চালাকি,
ভোজের বাজি ভেল্কি ফাঁকি
পড়্ পড়্ পড়বি পাখি—ধপ্!
লাফ দিয়ে তাই তালটি ঠুকে
তাক্ ক’রে যাই তীর ধনুকে,
ছাড়ব সটান্ ঊর্ধ্বমুখে
হুশ্ ক’রে তোর লাগবে বুকে—খপ্!
গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা
খাপ্ পেতেছেন গোষ্ঠ মামা,
এগিয়ে আছেন বাগিয়ে ধামা,
এইবার বাণ চিড়িয়া নাম—চট্!
ঐ যা! গেল ফস্কে ফেঁসে—
হেঁই মামা তুই ক্ষেপলি শেষে?
ঘ্যাঁচ ক’রে তোর পাঁজর ঘেঁষে
লাগল কি বাণ ছটকে এসে—ফট?
।। সমাপ্তি ।।