চোর ধরা
(সুকুমার রায়)
আরে ছি ছি! রাম রাম! ব’লো না হে ব’লো না—
চলছে যা জুয়াচুরি, নাহি তার তুলনা।
যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে,
ভয়ানক ক’মে যায় খাবারের ভাগেতে।
রোজ দেখি খেয়ে গেছে, জানিনেকো কারা সে—
কালকে যা হ’য়ে গেল ডাকাতির বাড়া সে!
পাঁচখানা কাটলেট্, লুচি তিন গণ্ডা,
গোটা দুই জিবে গজা, গুটি দুই মণ্ডা,
আরো কত ছিল পাতে আলুভাজা ঘুঙনি—
ঘুম থেকে উঠে দেখি পাতখানা শূন্যি!
তাই আজ ক্ষেপে গেছি—কত আর পারব?
এতদিন স’য়ে স’য়ে এইবারে মারব।
খাড়া আছি সারাদিন হুঁসিয়ার পাহারা,
দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা।
রামু হও, দামু হও, ওপাড়ার ঘোষ বোস—
যেই হও এইবারে থেমে যাবে ফোঁস্ ফোঁস্।
খাটবে না জারিজুরি আঁটবে না মারপ্যাঁচ,
যারে পাব ঘাড়ে ধ’রে কেটে দেব ঘ্যাঁচঘ্যাঁচ্।
এই দেখ ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে,
এইবারে টের পাবে মুণ্ডুটা বাড়ালে।
রোজ বলি “সাবধান!” কানে তবু যায় না?
ঠেলাখানা বুঝবি ত এইবারে আয় না!
।। সমাপ্তি ।।