Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

মেঘের খেয়াল-সুকুমার রায়

আকাশের ময়দানে বাতাসের ভরে,

ছোট, বড়, সাদা, কালো, কত মেঘ চরে।

কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা

হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা।

কোথা হতে কোথা যায়, কোন তালে চলে,

বাতাসের কানে কানে কত কথা বলে।

বুড়ো বুড়ো ধাড়ি মেঘ ঢিপি হয়ে উঠে

শুয়ে বসে সভা করে সারাদিন জুটে।

কি যে ভাবে চুপচাপ, কোন্ ধ্যানে থাকে,

আকাশের গায়ে গায়ে কত ছবি আঁকে।

কত আঁকে, কত মোছে, কত মায়া করে,

পলে পলে কত রঙ কত রূপ ধরে।

জটাধারী বুনো মেঘ ফোঁস ফোঁস ফোলে,

গুরু গুরু ডাক ছেড়ে কত ঝড় তোলে।

ঝিলিকের ঝিকিমিকি চোখ করে কানা,

হড় হড় কড় কড় দশদিকে হানা।

ঝুল কালো চারিধার, আলো যায় ঘুচে,

আকাশের যত নীল সব দেয় মুছে৷৷

 

সন্দেশ-১৩২৭

error: Content is protected !!
Scroll to Top