Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

বোম্বাগড়ের রাজা-সুকুমার রায়

কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা-

ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা?

রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা?

পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা?

কেন সেথায় সর্দি হ’লে ডিগবাজি খায় লোকে?

জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে?

ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে?

টাকের ‘পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে!

রাত্রে কেন ট্যাঁকঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে?

কেন রাজার বিছনা পাতে শিরীষ কাগজ দিয়ে?

সভায় কেন চেঁচায় রাজা ‘হুক্কা হুয়া” ব’লে?

মন্ত্রী কেন কলসী বাজায় ব’সে রাজার কোলে?

সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি?

কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসী?

রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা প’রে?

এমন কেন ঘটছে তা কেউ বলতে পার মোরে?

error: Content is protected !!
Scroll to Top