Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

গোঁফ চুরি-সুকুমার রায়

হেড অফিসের বড়বাবু লােকটি বড় শান্ত,

তার যে এমন মাথার ব্যামো কেউ কখনাে জানত?

দিব্যি ছিলেন খােসমেজাজে চেয়ারখানি চেপে,

একলা বসে ঝিমঝিমিয়ে হটাৎ গেলেন ক্ষেপে!

আঁৎকে উঠে হাত-পা ছুঁড়ে চোখটি ক’রে গােল!

হটাৎ বলেন, “গেলুম গেলুম, আমায় ধ’রে তােল!”

তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ-বা হাঁকে পুলিশ,

কেউ-বা বলে, “কামড়ে দেবে সাবধানেতে তুলিস।”

ব্যস্ত সবাই এদিক-ওদিক করছে ঘােরাঘুরি—

বাবু হাঁকেন, “ওরে আমার গোঁফ গিয়েছে চুরি!”

গোঁফ হারানো! আজব কথা! তাও কি হয় সত্যি?

গোঁফ জোড়া তাে তেমনি আছে, কমে নি এক রত্তি।

সবাই তাঁরে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না,

মােটেও গোঁফ হয় নি চুরি, কক্ষনাে তা হয় না।

রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি,

“কারাে কথার ধার ধারি নে, সব ব্যাটাকেই চিনি।

“নােংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা,

“এমন গোঁফ তাে রাখত জানি শ্যামবাবুদের গয়লা।

“এ গোঁফ যদি আমার বলিস করব তাদের জবাই”—

এই না বলে জরিমানা কল্লেন তিনি সবায়।

ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়—

“কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়।

“আফিসের এই বাঁদরগুলাে, মাথায় খালি গােবর

“গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর।

“ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধরে খুব নাচি,

“মুখ্যুগুলাের মুণ্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি।

“গোঁফকে বলে তােমার আমার—গোঁফ কি কারাে কেনা?

“গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।”

error: Content is protected !!
Scroll to Top