Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

গল্প বলা-সুকুমার রায়

“এক যে রাজা”—“থাম্ না দাদা,

রাজা নয় সে, রাজ পেয়াদা।”

“তার যে মাতুল”—“মাতুল কি সে?

সবাই জানে সে তার পিসে।”

“তার ছিল এক ছাগল ছানা”—

“ছাগলের কি গজায় ডানা?”

“একদিন তার ছাতের ‘পরে”—

“ছাত কোথা হে টিনের ঘরে?”

“বাগানের এক উড়ে মালী”—

“মালি নয়ত? মেহের আলি—”

“মনের সাথে গাইছে বেহাগ”—

“বেহাগ তো নয়? বসন্ত রাগ।”

“থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি”—

“আচ্ছা বল চুপ্ করেছি।”

“এমন সময় বিছনা ছেড়ে,

হঠাৎ মামা আসল তেড়ে,

ধরল সে তার ঝুঁটির গোড়া—”

“কোথায় ঝুঁটি? টাক যে ভরা।”

“হোক না টেকো তার তাতে কি?

লক্ষ্মীছাড়া মুখ্যু ঢেঁকি!

ধরব ঠেসে টুঁটির ‘পরে,

পিটব তোমার মুণ্ডু ধরে—

কথার উপর কেবল কথা,

এখন বাপু পালাও কোথা?”

error: Content is protected !!
Scroll to Top