Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

কুমড়োপটাশ-সুকুমার রায়

(যদি) কুমড়োপটাশ নাচে—

খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে;

চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে;

চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে!

(যদি) কুমড়োপটাশ কাঁদে—

খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে;

উপুড় হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে;

বেহাগ সুরে গাইবে খালি ‘রাধে কৃষ্ণ রাধে’!

(যদি) কুমড়োপটাশ হাসে—

থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে;

ঝাপসা গলায় ফার্সি কবে নিশ্বাসে ফিসফাসে;

তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে!

(যদি) কুমড়োপটাশ ছোটে—

সবাই যেন তড়বড়িয়ে জানলা বেয়ে ওঠে;

হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে;

ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে!

(যদি) কুমড়োপটাশ ডাকে—

সবাই যেন শামলা এঁটে গামলা চড়ে থাকে;

ছেঁচকি শাকের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে;

শক্ত ইঁটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে!

তুচ্ছ ভেবে এ-সব কথা করছে যারা হেলা,

কুমড়োপটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা।

দেখবে তখন কোন্ কথাটি কেমন করে ফলে,

আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে।

error: Content is protected !!
Scroll to Top