Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

ফাজিলের ডিক্‌সেনারী-সুকুমার রায়

সব যেন ধোঁয়া ধোঁয়া ছায়া-ঢাকা ধুলোতে,

চোখ কান খিল দেওয়া গিজ্ গিজ্ তুলোতে।

বহে নাকো নিঃশ্বাস চলে নাকো রক্ত–

স্বপ্ন না জগে দেখা, বোঝা ভারি শক্ত।

মন বলে, “ওরে ওরে আক্বেল মস্ত,

কানদুটো খুলে দিয়ে এইবেলা শোন্‌তো।”

ঠাস্‌ ঠাস্‌ দ্রাম্ দ্রাম, শুনে লাগে খট্‌কা,–

ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্‌কা!

শাঁই শাঁই পন্ পন্‌, ভয়ে কান বন্ধ–

ঐ বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ?

হুড়্ মূড়্ ধূপ্‌ ধাপ্ ওকি শুনি ভাই রে।

দেখ্‌ছ না হিম পড়ে–যেয়ো নাকো বাইরে।

চুপ্ চুপ্‌ ঐ শোন! ঝুগঝাপ্ ঝপা-স্!

চাঁদ বুঝি ডুবে গেল গব্‌ গব্‌ গবা-স্!

খ্যাঁশ্‌ খ্যাঁশ্‌, ঘ্যাচ্ ঘ্যাচ্, রাত কাটে ঐ রে?

দুড়দাড় চুরমার–ঘুম ভাঙে কই রে।

ঘর্ঘর ভন্‌ ভন্‌ ঘোরে কত চিন্তা।

কত মন নাচে শোন্–ধেই ধেই ধিন্‌তা!

ঠুংঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে?

ফট্ ফট্ বুক ফাটে তাই মাঝে মাঝে রে।

হৈ হৈ মার্‌ মার্, ‘বাপ্‌ বাপ্‌’ চীৎকার,

মালকোচা মারে বুঝি? সরে পড় এইবার!

 

[রংমশাল-পূজাবার্ষিকী-১৩২৭]

error: Content is protected !!
Scroll to Top