Bong Long Reader

Bong Long Reader

❂❂❂ Free Book Library ❂❂❂

(329 Items)

অসম্ভব নয়-সুকুমার রায়

এক যে ছিল সাহেব, তাহার

গুণের মধ্যে নাকের বাহার।

তার যে গাধা বাহন, সেটা

যেমন পেটুক তেমনি ট্যাঁটা।

ডাইনে বললে যায় সে বামে

তিন পা যেতে দুবার থামে।

চলতে চলতে থেকে থেকে

খানায় খন্দে পড়ে বেঁকে।

ব্যাপার দেখে এমনিতরাে

সাহেব বললে “সবুর করো–

মামদোবাজি আমার কাছে?

এ রােগেরও ওষুধ আছে।”

এই-না বলে ভীষণ ক্ষেপে,

গাধার পিঠে বসল চেপে

মুলোর ঝুঁটি ঝুলিয়ে নাকে।

—আর কি গাধা ঝিমিয়ে থাকে?

মুলাের গন্ধে টগবগিয়ে।

দৌড়ে চলে লম্ফ দিয়ে–

যতই ছোটে ‘ধরব’ বলে

ততই মুলাে এগিয়ে চলে

খাবার লোভে উদাস প্রাণে

কেবল ছোটে মুলোর টানে–

ডাইনে বাঁয়ে মুলোর তালে

ফেরেন গাধা নাকের চালে।

 

সন্দেশ-ফাগুন, ১৩২৪

error: Content is protected !!
Scroll to Top